প্রধানমন্ত্রীর দেশে ফেরার সংবর্ধনায় তীব্র যানজট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে দেশে ফিরেছেন গতকাল বুধবার বেলা দুইটায়। ঢাকায় নেমেই চীন-জাপানে ‘সফল কূটনীতি’র জন্য দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী। আর তাতে সৃষ্টি হয় তীব্র যানজট৷
প্রধানমন্ত্রী দেশের মাটিতে পা রাখেন বেলা দুইটার দিকে। এর আগেই রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে একপশলা বৃষ্টি টানা দাবদাহের মধ্যে স্বস্তি নিয়ে আসে। কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রধানমন্ত্রীর চলার পথ নির্বিঘ্ন করতে বেলা একটা থেকেই বিভিন্ন সড়কে যানবাহন নিয়ন্ত্রণ শুরু হয়। বেলা তিনটার কিছু আগে প্রধানমন্ত্রী গণভবনে পৌঁছানোর পর সংবর্ধনা দিতে আসা নেতা-কর্মীরা রাস্তায় নেমে যান। বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ ভবন এলাকায় স্লোগান দিয়ে মিছিলও চলে। এতে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। এর রেশ সন্ধ্যা পর্যন্ত ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে মিন্ত্রপরিষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। আগে থেকেই জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, সংসদ ভবন এলাকায় সড়কের পাশে অবস্থান নিয়ে থাকা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ করে ফুল ছিটিয়ে দেন৷ প্রধানমন্ত্রীও হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের হাতে থাকা ব্যানার-ফেস্টুনে স্লোগান ছিল ‘সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সফল জাপান-চীন সফরের জন্য শুভেচ্ছা’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি।

পৌনে তিনটার দিকে শেখ হাসিনার গাড়িবহর জাহাঙ্গীর গেট পার হয়। তখন বিমানবন্দর সড়ক, বিজয় সরণি, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। শেখ হাসিনা গণভবনে পৌঁছানোর পর সড়ক খুলে দেওয়া হলেও যানবাহন চলতে পারেনি। কারণ, এ সময় বিজয় সরণি, সংসদ ভবন এলাকা ও জাহাঙ্গীর গেটের কাছে থাকা নেতা-কর্মীরা রাস্তায় নেমে যান। তখন ট্রাফিক পুলিশকেও যান চলাচল নিয়ন্ত্রণে হিমশিম খেতে দেখা যায়। এতে মহাখালী, আগারগাঁও, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর ও শাহবাগ এলাকা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।
এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা ঢাকার উদ্দেশে চীনের স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় সকাল নয়টা) বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। চীনের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার লিউ ঝেনমিন এবং বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আজিজুল হক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রীর ছয় দিনের চীন সফরের প্রথম পর্যায়ে দক্ষিণাঞ্চলীয় কুনমিং নগরে যান। সেখান থেকে তিনি চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হন।
এ সফরে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।