হাইকোর্টের রায় ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত নিয়োগ দাবি করেছেন ২৭তম বিসিএসের প্রথম ফলে চূড়ান্তভাবে উত্তীর্ণ চাকরিবঞ্চিত প্রার্থীরা। একই সঙ্গে তাঁরা পিএসসির চেয়ারম্যান সা’দত হুসাইনের পদত্যাগ দাবি করেছেন।জাতীয় প্রেসক্লাবে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রথমবার প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ মুক্তিযোদ্ধার সন্তান সারোয়ার মামুন চৌধুরী।সংবাদ সম্মেলনে বঞ্চিত প্রার্থীরা বলেন, চাকরির দাবিতে তাঁরা যখন আন্দোলন করছিলেন, তখন গত বছরের ১৬ ফেব্রুয়ারি বর্তমান সরকারের দুজন মন্ত্রী এসে তাঁদের চাকরি ফেরত দেওয়ার আশ্বাস দেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৩ এপ্রিল তাঁদের নিয়োগের সুপারিশ করা হয়। সর্বশেষ গত বছরের ১১ নভেম্বর এবং এ বছরের ২৬ জানুয়ারি আদালত প্রথম ফলে উত্তীর্ণ প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু পিএসসি কর্তৃপক্ষের স্বেচ্ছাচারী মনোভাবের কারণে এখনো তাঁদের চাকরি দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সংসদীয় কমিটিও ক্ষোভ প্রকাশ করেছে।সংবাদ সম্মেলনে মাহফুজুর রহমান, নাসিরউদ্দিন ফয়সাল, কামাল হোসেন, নাজমুন নাহার, আফরোজা হক, ওয়াজকুরুনী, হাবিবুর রহমানসহ বঞ্চিত শতাধিক প্রার্থী উপস্থিত ছিলেন।