প্রধানমন্ত্রীর নির্দেশনাও বাস্তবায়ন হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

• সড়ক নিরাপত্তা বিষয়ে পাঁচ নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় তিন মন্ত্রীকে।
• সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে দায়িত্ব দেওয়া হয়।
• এক মাস পেরিয়ে গেছে, তাঁরা একটি বৈঠকও করেননি।

সড়ক-মহাসড়কে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত জুনে পাঁচটি নির্দেশনা দিয়েছিলেন। নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব দেন তিন মন্ত্রীকে। কিন্তু মাস পেরিয়ে গেলেও তিন মন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে একটি বৈঠকও করেননি।

গত ২৫ জুন মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নিজেই সড়ক দুর্ঘটনার বিষয়টি আলোচনায় আনেন। ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রসঙ্গে ওই আলোচনা হয়। বৈঠকে তিনি তাৎক্ষণিকভাবে পাঁচটি নির্দেশনা দেন। এগুলো হলো এক. দূরপাল্লার পথে বিকল্প চালক রাখা। যাতে একজন চালককে টানা পাঁচ ঘণ্টার বেশি যানবাহন না চালাতে হয়। দুই. নির্দিষ্ট দূরত্বে সার্ভিস সেন্টার বা চালকদের জন্য বিশ্রামাগার করা। তিন. গাড়ির চালক ও তাঁর সহকারীকে প্রশিক্ষণ দেওয়া। চার. সিগন্যাল মেনে পথচারী পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার করা বা অবৈধভাবে রাস্তা পারাপার বন্ধ করা। পাঁচ. চালক ও যাত্রীদের সিটবেল্ট বাঁধা নিশ্চিত করা।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন এবং এর অগ্রগতি পর্যবেক্ষণের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে দায়িত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এক মাস ৮ দিন পার হয়েছে। এই নিয়ে তিন মন্ত্রী যেমন কোনো বৈঠক করেননি, তেমনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কিংবা সড়ক পরিবহন মন্ত্রণালয়ও বাড়তি কোনো উদ্যোগ নেয়নি।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনাগুলোর প্রায় সব কটি বিদ্যমান মোটরযান আইনে আছে। আইন অনুযায়ী এগুলো বাস্তবায়নের দায়িত্ব সড়ক পরিবহন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। পরিবহন মালিক ও শ্রমিক-এই দুই ক্ষেত্রেই প্রভাবশালী হওয়ায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকেও এই নির্দেশনা বাস্তবায়নে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী।

মোটরযান আইনে বলা আছে, কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি যানবাহন চালাতে পারবেন না। এক ঘণ্টা বিরতি দিয়ে দিনে সর্বোচ্চ আট ঘণ্টা গাড়ি চালাতে পারবেন তিনি। কিন্তু রাজধানী ঢাকার চালকেরা ফজরের আজানের পর শুরু করে রাত ১২টা থেকে ১টা পর্যন্ত গাড়ি চালিয়ে থাকেন। আন্তজেলায় চলাচলকারী ট্রাকগুলো অনেক সময় দু-তিন দিন টানা রাস্তায় থাকে। ফলে চালকেরা ক্লান্ত হয়ে পড়েন এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

বৈঠকে প্রধানমন্ত্রী ভারত ও ইউরোপের উদাহরণ দিয়ে নির্দিষ্ট দূরত্বের পর বিশ্রামাগার রাখার কথা বলেছিলেন। বাংলাদেশে মহাসড়কের দায়িত্ব সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ)। প্রতিষ্ঠানটির এমন কোনো প্রকল্প নেই। ভবিষ্যতে এমন প্রকল্প নেওয়ার বিষয়ে কোনো আলোচনাও শুরু হয়নি বলে সূত্র জানিয়েছে।

রাস্তায় ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা আছে শুধু মহানগরগুলোতে। জেব্রা ক্রসিংও মহানগরের বাইরে নেই। এর মধ্যে খোদ রাজধানীতে এখনো ট্রাফিক পুলিশ হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণ করে। জেব্রা ক্রসিং অনেক স্থানেই নেই। থাকলেও যানবাহনের চালকেরা তা পেরিয়ে গাড়ি দাঁড় করান। ফলে এটা মানাও হয় না। পথচারীরাও যেখান-সেখান দিয়ে রাস্তা পার হন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কথা বলতে রাজি হননি। মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তার মাধ্যমে তিনি জানান, মন্ত্রণালয়ের বিষয়ে সচিব কথা বলবেন। সচিব নজরুল ইসলামকে বারবার ফোন করলেও তিনি ধরেননি। মুঠোফোনে বার্তা পাঠালেও কোনো জবাব পাওয়া যায়নি তাঁর কাছ থেকে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বিষয়গুলো বলেছেন। সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তাঁরা বিষয়টি নিয়ে বসবেন। তিনি জানান, এসব নির্দেশনার বাইরেও তাঁর মন্ত্রণালয় যানবাহনের আকৃতি পরিবর্তন রোধ করা, গাড়ির বাম্পার ও অ্যাঙ্গেল খুলে ফেলার জন্য অভিযান চালিয়েছে। এতে সাফল্যও এসেছে।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, ‘এটা সত্য, তিন মন্ত্রী এখনো বৈঠকে বসেননি। আসলে সড়ক পরিবহনমন্ত্রীই বৈঠক ডাকবেন। অন্যরা এতে অংশ নেবেন।’ শাজাহান খান দাবি করেন, মন্ত্রীদের বৈঠক না হলেও মন্ত্রণালয়ের নিচের দিকে এই বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, প্রধানমন্ত্রীর ওই নির্দেশনার পর এ পর্যন্ত সারা দেশে ৪১৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৫১ জনের। আহত হয়েছে প্রায় এক হাজার মানুষ।

পরিস্থিতি জানিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার পর কোন নির্দেশনাটি কত দিনে বাস্তবায়ন করা হবে, এমন একটা কর্মপরিকল্পনা আশা করেছিলাম। কিন্তু তিন মন্ত্রীর দপ্তর এটা নিয়ে আর কাজ করল না। এটা অনাকাঙ্ক্ষিত।’ তিনি বলেন, অতীতে দেখা গেছে, বড় কোনো দুর্ঘটনা ঘটলে সড়ক নিরাপত্তার জন্য উচ্চ আদালত এবং সরকারের উচ্চপর্যায় থেকে নানা নির্দেশনা আসে। গণমাধ্যমে কদিন হইচই হয়। এরপর সবাই তা ভুলে যায়। প্রধানমন্ত্রীর নির্দেশনার ক্ষেত্রেও এমনটাই ঘটেছে বলে মনে হয়।