প্রধানমন্ত্রীর নির্দেশের পর চার বছরেও শুরু হয়নি নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় স্টেডিয়াম নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু স্থানীয় এক ব্যক্তি স্টেডিয়ামের জন্য নির্ধারিত জমির কিছু অংশ দখল করে ব্যাটারি তৈরির কারখানা নির্মাণ করায় প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করতে পারছে না সংশ্লিষ্ট বিভাগ। এতে সোনারগাঁ উপজেলার ক্রীড়ামোদীরা হতাশ হয়ে পড়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই কারখানার মালিকের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন ২০০৯ সালে সোনারগাঁ পৌরসভার আদমপুর মৌজার ১৮টি দাগে ৫ দশমিক ৮৯ একর জমিতে সোনারগাঁ স্টেডিয়াম নির্মাণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়। এর মধ্যে ৩ দশমিক ৫৯ একর অর্পিত সম্পত্তি, ২ দশমিক ২০ একর ব্যক্তিমালিকানাধীন ও দশমিক ১০ একর কালিমন্দিরের জমি। সরকার ইতিমধ্যে ব্যক্তিমালিকানাধীন ভূমি অধিগ্রহণ করার প্রস্তুতি নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্ধারিত জায়গায় দ্রুত সোনারগাঁ স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের তৎকালীন সচিব শফিক আনোয়ার ‘মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ছয়টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ’ প্রকল্পের আওতায় স্টেডিয়াম নির্মাণের জন্য ৩৩ কোটি ৬৮ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেন। এই ছয়টির মধ্যে সোনারগাঁ স্টেডিয়ামও আছে। মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ হওয়ায় স্থানীয় ক্রীড়ামোদীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। কিন্তু ২০১১ সালে আলাউদ্দিন মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতার সহায়তায় স্টেডিয়ামের জন্য নির্ধারিত সরকারি সম্পত্তিতে ব্যাটারি তৈরির কারখানার জন্য পাকা ভবন নির্মাণ করেন। এ কারণে সেখানে আর স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করা যায়নি।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন লিখিত অভিযোগ দেওয়ার পর সোনারগাঁয়ের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) কে এম আল-আমিন সরেজমিন তদন্ত করে ২০১৩ সালের ১৮ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, এএনপি ব্যাটারি কারখানার মালিক ‘ক’ তফশিলভুক্ত ছাপেরবন্দ মৌজার ছয় দাগের প্রায় শূন্য দশমিক ৩৬ একর সম্পত্তি দখল করে কারখানা নির্মাণ করেছেন। এ কারখানার বিষাক্ত বর্জ্যে পরিবেশ দূষিত হচ্ছে। অবিলম্বে ওই কারখানা উচ্ছেদ করা প্রয়োজন।
এ ছাড়া এলাকাবাসীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক গোলাম মোহাম্মদ ভূঁইয়া সরেজমিন তদন্ত করেন। তিনি পরিবেশ দূষণ ও পরিবেশ ছাড়পত্র না নিয়ে উৎপাদন চালানোর অভিযোগে এ কারখানাটি বন্ধ করে দেওয়ার জন্য ২০১৩ সালের ১৬ মে পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালকের কাছে একটি প্রতিবেদন জমা দেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে এএনপি ব্যাটারি কারখানার মালিক আলাউদ্দিন মিয়া বলেন, ‘আমার ক্রয় করা সম্পত্তির ওপরই আমি কারখানা নির্মাণ করেছি। তবে কিছু সরকারি সম্পত্তি রয়েছে, এ কথা সত্য।’
নাম প্রকাশ না করার শর্তে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকারি সম্পত্তি দখল, পরিবেশদূষণসহ নানা অভিযোগের পরও ওই কারখানার মালিকের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি। কারণ ওই মালিকের পক্ষে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা কাজ করছেন।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘দলের নাম ব্যবহার করে কয়েকজন নেতা ওই কোম্পানির পক্ষে কাজ করেছেন, এ কথা সত্য। তবে আমরা চাই অবৈধ দখলদারকে উচ্ছেদ করে সরকার-নির্ধারিত জায়গায় সোনারগাঁ স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু করুক।’
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের ভূঞা গত শুক্রবার বলেন, ‘এএনপি ব্যাটারি কারখানার মালিকের জবরদখলের কারণে স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না। আমরা তাঁর বিরুদ্ধে উচ্ছেদ মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে মামলার সব প্রস্তুতি শেষ হয়েছে।’