'প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল আমিন হাওলাদার
রুহুল আমিন হাওলাদার

প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কোনো হরতাল, অবরোধ বাংলাদেশকে থামিয়ে রাখতে পারছে না।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে রুহুল আমিন হাওলাদার এ সব কথা বলেন। তিনি বলেন, ‘এখানে তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মহীউদ্দীন খান আলমগীর আছেন। তাঁরা যা বলবেন, তা গুরুত্ব দেওয়া হবে। সংসদের বাইরে থেকে কেউ মতামত দিলেও আমরা গুরুত্ব দেব। কিন্তু আমি নেই, তাই বলে সব থেমে যাবে, তা হবে না।’

বক্তৃতায় জাপার এই সাংসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। এ সময় পাশ থেকে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীসহ দলের কয়েকজন সাংসদ তাঁকে সরকারবিরোধী বক্তব্য দিতে টিপ্পনি কাটেন।

বক্তৃতার এ পর্যায়ে রুহুল আমিন হাওলাদার বলেন, বিরোধিতা কী করব? বিরুদ্ধে বলার তো কিছু নেই। এখন তো বিরোধী দলের আন্দোলন নেই। ঝড়-ঝঞ্ঝা নেই, হরতাল নেই।

এরপর কুইক রেন্টাল বিদ্যুত্ প্রকল্পের উল্লেখ করে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘কুইক রেন্টাল হয়তো ব্যয়বহুল। তার পরও স্বাগত জানাই। আজ আলো আছে, মানুষ ভালো আছে।’ নারায়ণগঞ্জর সাত খুন, ফেনীর উপজেলা চেয়ারম্যান খুনের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ‘এ সব ঘটনার তদন্ত হচ্ছে। সুষ্ঠু তদন্ত হচ্ছে কি না, আমরা দেখব। নিরপেক্ষভাবে বিচার হয় কি না, দেখব। তা না হলে সংসদে আলোচনার ঝড় তুলব।’

সকাল সাড়ে ১০টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের পর বাজেটের ওপর সাধারণ আলোচনা চলছে।