প্রধানমন্ত্রীর নৌযাত্রা, চারটা পর্যন্ত ঢাকা-চাঁদপুর লঞ্চ বন্ধ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার নদীপথে চাঁদপুরের মতলব উত্তরে সফর করেন। এ উপলক্ষে ঢাকা-চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বিকেল চারটা পর্যন্ত বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
হঠাত্ করে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েন লঞ্চ যাত্রীরা।
আজ সকাল ১০টার দিকে চাঁদপুরের পুরান বাজারের রেজওয়ানুর রহমান নামে ঢাকাগামী এক যাত্রী লঞ্চ ঘাট গিয়ে জানতে পারেন, এখান থেকে কোনো লঞ্চ ছাড়ছে না। ঘাটের লোকজনের কাছে তিনি শুনেছেন, প্রধানমন্ত্রী নৌপথে মতলব উত্তরে যাবেন বলে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমভি রাসেল নামের একটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে গেলেও এটিকে চাঁদপুর পাঠিয়ে দেওয়া হয়। লঞ্চ কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকেও কোনো লঞ্চ চাঁদপুরে আসতে দেওয়া হয়নি। দু-একটি লঞ্চ ছাড়লেও ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলা ১১টার দিকে মতলবের মোহনপুরে অবস্থান করার কথা।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মোবারক হোসেন জানান, নৌ মন্ত্রণালয়ের নির্দেশে সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকা সদরঘাট ও চাঁদপুর লঞ্চঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান আজ দুপুরে প্রথম আলোকে বলেন, সদরঘাটে নবনির্মিত একটি লঞ্চ উদ্বোধন করে প্রধানমন্ত্রী ওই লঞ্চে চাঁদপুরের মতলব মোহনপুর পর্যন্ত আসবেন।
চাঁদপুরের সাংসদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে মতলববাসী আনন্দিত। মেঘনা নদীর তীরে জনতা সমাগম করে ও সারিবদ্ধ থেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমরা প্রমাণ করব, আমাদের ব্যবহারে যেন তিনি সন্তুষ্ট হন।’