প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদের সব সদস্যের পদত্যাগ দাবি করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে দলটির বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন বিএনপির নেতারা।গত সোমবারের হরতালে বিএনপির নেতা-কর্মীদের ওপর পুলিশ ও সরকারদলীয় সমর্থকদের হামলা-নির্যাতনের প্রতিবাদে এ সমাবেশ হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, শুধু দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ ও শেয়ারবাজার স্থিতিশীল রাখার ক্ষেত্রেই নয়, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে এই সরকার ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ব্যর্থতার পরিমাণ আরও বাড়লে দেশের অর্থনীতি থাকবে না। মানুষ তার জানমালের ওপর অধিকার হারাবে। তিনি বলেন, ব্যর্থতার দায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যদের পদত্যাগ করতে হবে।বিএনপির মহাসচিব বলেন, শেয়ারবাজারের পতন আর আওয়ামী লীগ সমার্থক শব্দে পরিণত হয়েছে। জিনিসপত্রের দাম বাড়ছে অযৌক্তিক হারে। দলীয় লোকদের সুবিধা দিতে সরকার এসব করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই গণদাবি উপেক্ষা করে তারা আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু জনগণ তাদের সমুচিত জবাব দিয়েছে।দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সরকার তাদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে। বলছে, দ্রব্যমূল্য নাকি বিএনপি বাড়িয়েছে। তাহলে সরকার করছেটা কী? বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।