প্রধানমন্ত্রীর পর নাসিম ওসমানের আলাদা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার ঢাকার কমলাপুর রেলস্টেশনে ডেমু (ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন। পরে দুপুরে নারায়ণগঞ্জ রেলস্টেশনে আলাদা অনুষ্ঠানের আয়োজন করেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বেলা একটায় ডেমু ট্রেন কমলাপুর থেকে রওনা হয়ে পৌনে দুইটায় নারায়ণগঞ্জ স্টেশনে এসে পৌঁছায়। ট্রেনে চড়ে আসেন সাংসদ নাসিম ওসমান। নারায়ণগঞ্জ স্টেশনে ট্রেন পৌঁছানোর আগেই বিভিন্ন ব্যানার নিয়ে প্ল্যাটফর্মে জড়ো হন তাঁর অনুগত লোকজন। ডেমু ট্রেন সার্ভিস চালুর জন্য নেতা-কর্মীরা নাসিম ওসমানকে অভিনন্দন জানিয়ে তাঁর গলায় কয়েকটি ফুলের মালা পরিয়ে দেন। তাঁদের উদ্দেশে ট্রেনের দরজায় দাঁড়িয়ে বক্তব্য দেন নাসিম ওসমান। বক্তৃতা শেষ হলে বেলা দুইটা ২৫ মিনিটে ডেমু ট্রেন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।নারায়ণগঞ্জ নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘ডেমু ট্রেন সার্ভিস নারায়ণগঞ্জবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার। প্রধানমন্ত্রী ডেমু ট্রেন সার্ভিস উদ্বোধনের পর সাংসদ নাসিম ওসমান নারায়ণগঞ্জ স্টেশনে তাঁর অনুগত লোকজন নিয়ে আলাদা অনুষ্ঠানের আয়োজন করেছেন—এটা ঠিক হয়নি।’