প্রধানমন্ত্রীর পরিবার ছোট হয়েছে দুর্নীতি ধরতে সহজ হবে: খালেদা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাঁর পরিবারের সবাই ব্যাপকভাবে দুর্নীতি করছে—আমি এ কথা বলার পর, প্রধানমন্ত্রী তাঁর পরিবারের একটা সংজ্ঞা দিয়েছেন। দেখা গেল, উনার পরিবার ছোট হয়ে গেছে, আত্মীয়স্বজনের অনেকে বাদ পড়েছেন। পরিবার যত ছোট হবে, আমাদের জন্য সুবিধা হবে, ধরতে সহজ হবে।’গতকাল শনিবার রাতে গুলশান কার্যালয়ে কবি, সাংবাদিক ও সাহিত্যিকদের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়া এ কথা বলেন।বিরোধীদলীয় নেতা বলেন, সরকারের দুর্নীতির কথা বললে বা লিখলেই তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হয়। সে কারণে অনেকে প্রধানমন্ত্রীর পরিবারের দুর্নীতির কথা লিখতে, এমনকি বলতেও ভয় পান। তাই প্রধানমন্ত্রীর পরিবারের দুর্নীতির আরও খবর সময়মতো প্রকাশ করা হবে। কারণ, এখনই প্রকাশ করলে সরকার বাধার সৃষ্টি করবে, সাংবাদিকেরাও হয়তো লিখতে পারবেন না। তিনি বলেন, ‘টেলিকমিউনিকেশনে ভিওআইপির দুর্নীতির খবরও আপনারা পেয়ে যাবেন। জামাইবাবু কানাডা থেকে পালিয়ে এসে এখন বাংলাদেশে বসে দুর্নীতি করছেন।’খালেদা জিয়া বলেন, নতুন যাঁরা মন্ত্রী হয়েছেন, তাঁরা জীবনে কখনো জনগণের ভোটে নির্বাচিত হতে পারবেন না। তাঁরা ভেবেছেন, জীবনের এটাই শেষ সুযোগ। সে জন্য মন্ত্রী হওয়ার সুযোগ পেয়ে ভাঙা নৌকায় উঠে বসেছেন। তিনি বলেন, ‘নৌকা যত ভারী হবে, তত তাড়াতাড়ি ডুববে। কিন্তু তোফায়েল ও মেনন সাহেব রাজনীতি করেন বলে মানুষের পালস বুঝে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।’রাত নয়টা থেকে ১২টা পর্যন্ত চলা এই মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে শফিক রেহমান, আমানুল্লাহ কবির, শওকত মাহমুদ, মোয়াজ্জেম হোসেন, সৈয়দ কামাল উদ্দিন, রুহুল আমিন গাজী, খন্দকার মনিরুল আলম, কামাল উদ্দিন সবুজ, আবদুস শহিদ, বাকের হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।