প্রধানমন্ত্রীর পুরস্কার তাঁর কর্মের ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) ‘আইসিটি টেকসই উন্নয়ন’ পুরস্কার পাওয়ায় গতকাল রোববার জাতীয় সংসদে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে।
আলোচনায় বক্তারা শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, এ পুরস্কার কারও করুণায় নয়, প্রধানমন্ত্রীর কর্মের ফসল।
সাংসদ ফজলে নূর তাপস প্রস্তাবটি উত্থাপন করেন। আলোচনার কিছু সময় পর্যন্ত প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, কেবল পরিবেশ নয়, জাতিসংঘে যদি অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কারের ব্যবস্থা থাকত, তাহলে সেসব পুরস্কারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেতেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধানমন্ত্রীর ইউনেসকো শান্তি পুরস্কারের কথা উল্লেখ করে বলেন, তাঁর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল। আন্তর্জাতিক বিশ্ব আশা করে, এ পুরস্কার তাঁর প্রাপ্য। এ পুরস্কার জাতিসংঘের হাতে থাকলে তিনি তা পেয়ে যেতেন। তবে নোবেল শান্তি পুরস্কার তিনি পাবেন। তিনি বলেন, যারা ৯৩ দিন মানুষ হত্যা করেছে, তাদের মুখে গণতন্ত্রের কথা শুনে নিশ্চয়ই বিশ্বনেতারা হাসেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, সেই পাকিস্তানের চেয়েও বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে। অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতে, বাংলাদেশ কিছু ক্ষেত্রে ভারতের থেকেও এগিয়ে আছে।’
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনার অভিযাত্রা, বাংলাদেশের অভিযাত্রা, তা কেউ রুখতে পারবে না।
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ পুরস্কার পাওয়ায় আমরা গর্বিত।’ শেখ ফজলুল করিম সেলিম বলেন, খুনিদের সঙ্গে কোনো আলোচনা হয় না। মানুষ পুড়িয়ে হত্যার জন্য খালেদা জিয়ার বিচারও এ দেশে হবে।
জাসদের মঈন উদ্দীন খান বাদল বলেন, শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।