প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা পরিচয়ে পুলিশ কর্মকর্তাকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা পরিচয় দিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে গতকাল শনিবার এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তির নাম বিশ্বজিৎ দে (৩৭)। তিনি গত শুক্রবার রাতে ওই পুলিশ কর্মকর্তাকে হুমকি দেন বলে জানা গেছে।পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে জামাল খান এলাকায় স্থানীয় কয়েকজন যুবক একজন সাংবাদিকের গাড়িকে ধাক্কা দেয়। পরে ওই সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর জের ধরে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্বজিৎ নিজেকে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা প্রলয় জোয়ার্দ্দার পরিচয় দিয়ে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগমকে মুঠোফোনে হুমকি দেন।আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘বিশ্বজিৎ নিজেকে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা পরিচয় দিয়ে আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে আমি বিষয়টি যাচাই করে জানতে পারি, ভুয়া পরিচয় দিয়ে একজন ব্যক্তি আমার সঙ্গে খারাপ আচরণ করেন। কৌশলে আমরা তাঁকে গ্রেপ্তার করেছি।’ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার ও প্রতারণার অভিযোগে বিশ্বজিতের বিরুদ্ধে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদী হয়ে একটি মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই সদীপ দাশকে।পুলিশ সূত্র জানায়, মুঠোফোনে হুমকি দিয়ে বিশ্বজিৎ উপকমিশনারকে বলেন, ‘আপনি সাংবাদিকের পক্ষে কাজ করছেন। আপনারা সাংবাদিকদের কাছে বিক্রি হয়ে গেছেন। এ ব্যাপারে পত্রিকায় কোনো সংবাদ প্রকাশিত হলে আমি ঢাকা থেকে চট্টগ্রাম এসে আপনাদের দেখে নেব।’জানা গেছে, বিশ্বজিৎ যে নম্বর থেকে পুলিশ কর্মকর্তাকে হুমকি দিয়েছেন তা জনৈক পলাশের নামে নিবন্ধিত। বিশ্বজিৎ নিজেকে আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করে গতকাল সাংবাদিকদের বলেন, ‘আসলে আমার ভুল হয়ে গেছে।’