প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা সেজে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তদবির ও প্রতারণার অভিযোগে বিশ্বজিৎ বসু (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর পুরান ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।গতকাল শুক্রবার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক সংবাদ বিফ্রিংয়ে বলেন, বিশ্বজিৎ বসু প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা প্রলয় জোয়ার্দারের নাম বলে কনস্টেবল পদে কিছু লোককে নিয়োগ দিতে যশোর, গাইবান্ধা ও রাজশাহীর পুলিশ সুপারকে চাপ দেন। ওই পুলিশ কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় তাঁরা বিষয়টি প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার প্রলয় জোয়ার্দারকে জানান। প্রলয় জোয়ার্দার এ ধরনের তদবিরের কথা অস্বীকার করলে যিনি তাঁর নাম ভাঙিয়ে এ কাজ করছেন, তাঁকে ধরার জন্য ডিবি অভিযান শুরু করে।সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডিবি পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম ও অতিরিক্ত উপকমিশনার ওয়ালিদ হোসেন।