প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত গৃহনির্মাণ মঞ্জুরির টাকা মেলেনি আজও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর পেরিয়ে গেলেও মামলাজনিত জটিলতায় আইলায় ক্ষতবিক্ষত সাতক্ষীরার শ্যামনগরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত গৃহনির্মাণ মঞ্জুরির টাকা পায়নি ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। টাকার অভাবে ঘর তুলতে না পারায় অনেক পরিবার এখনো বেড়িবাঁধের ওপর বসবাস করছে। আবার অনেকে বাস্তুভিটায় খুপরিঘর তুলে মানবেতর জীবন যাপন করছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ মে সাতক্ষীরার উপকূলীয় জনপদে আইলা আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রধানমন্ত্রী ওই বছরের ২৩ জুলাই আইলাকবলিত এলাকা পরিদর্শনে এসে শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের সাড়ে নয় হাজার পরিবারের প্রতিটি পরিবারকে গৃহনির্মাণের জন্য ২০ হাজার টাকা করে মোট ১৯ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন। কিন্তু ওই টাকা তিন বছরেও পায়নি গৃহহীন পরিবারগুলো।গত শনি ও রোববার সরেজমিনে আইলায় ক্ষতিগ্রস্ত শ্যামনগরের গাবুরা, পদ্মপুকুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আইলার তিন বছর পরও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি লক্ষাধিক মানুষ। পানিবন্দী অবস্থার অবসান হলেও দীর্ঘ সময় পরও যোগাযোগব্যবস্থা গড়ে ওঠেনি। চারদিকে শুধু ফাঁকা মাঠ পড়ে আছে। আইলার পর থেকে এসব এলাকার ৪০ হাজার হেক্টরেরও বেশি জমি অনাবদি পড়ে আছে।গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুল আলম ও পদ্মপুকুর ইউপির চেয়ারম্যান মাসুদুল আলম জানান, অভাবের কারণে ঘর তৈরি করতে না পারায় এলাকার অনেকেই মানবেতর জীবন যাপন করছে। দরিদ্র মানুষ নদীতে মাছ ধরে কোনো রকমে একবেলা খাবারের ব্যবস্থা করলেও মধ্যবিত্ত লোকজন তা করতে পারছে না। অনেকেই তীব্র কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ ২০০৯ সালের জুলাই মাসে ১৯ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু তালিকা তৈরি নিয়ে নানা অভিযোগ তুলে স্থানীয় সাংসদ এইচ এম গোলাম রেজা আদালতে মামলা করায় বরাদ্দের অর্থ বিতরণ আটকে যায়। গত ১৫ মার্চ আদালত খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে তালিকা সংশোধন করে গৃহনির্মাণ মঞ্জুরির টাকা বিতরণের নির্দেশ দিয়েছেন। সেই অনুয়ায়ী মন্ত্রণালয় থেকে খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তালিকা যাচাই-বাছাই কমিটি করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে তালিকা তৈরি করে গৃহনির্মাণ মঞ্জুরির টাকা বিতরণ সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।