প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সেই সেতুটি তিন বছরেও হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান প্রধানমন্ত্রী জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ১৯ ডিসেম্বর নড়াইলে নির্বাচনী জনসভায় ঘোষণা দিয়েছিলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে এ অঞ্চলের উন্নয়নে লোহাগড়ার কালনা পয়েন্টে মধুমতী নদীতে সেতু নির্মাণ করা হবে।’ গত তিন বছরেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো পদক্ষেপ দেখা যায়নি।পরিবহনসংশ্লিষ্ট ও সাধারণ লোকজন মনে করেন, লোহাগড়ার কালনা ফেরিঘাট পয়েন্টে মধুমতী নদীতে সেতুটি নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি জেলায় অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বদলে যাবে এ অঞ্চলের আর্থ-সামাজিক পরিস্থিতি। এ জায়গায় সেতু নির্মাণের দাবিতে এলাকাবাসী সম্প্রতি সোচ্চার হয়ে উঠেছেন। স্থানীয় বিভিন্ন সংগঠন প্রায়ই মানববন্ধন, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সভাপতি সাদেক খান বলেন, ‘এখানে একটি সেতু হলে এ পথে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করবে। এতে বছরে প্রায় দুই কোটি লিটারের বেশি জ্বালানি তেল সাশ্রয় হবে।’ নড়াইলে সেতু বাস্তবায়ন সংগ্রাম কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ মুনির হোসেন বলেন, সেতু নির্মাণের দাবিতে আরও আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি নেওয়া হচ্ছে।নড়াইল-২ (লোহাগড়া ও নড়াইল সদরের একাংশ) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ এস কে আবু বাকের প্রথম আলোকে বলেন, ‘সংসদ অধিবেশনে বহুবার কালনা পয়েন্টে সেতু নির্মাণের দাবি জানিয়েছি। কিন্তু সেতুটি তিন বছরেও হলো না।’সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং পরিবহনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালনা ফেরিঘাট থেকে মধুমতি নদীর পশ্চিমপাড়ে নড়াইলের লোহাগড়া উপজেলা সদর পাঁচ কিলোমিটার এবং নড়াইল জেলা সদর ১৯ কিলোমিটার। নড়াইল ও লোহাগড়া সদর থেকে আঞ্চলিক মহাসড়কের মাধ্যমে খুলনা ও যশোর হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগব্যবস্থা রয়েছে। কালনায় মধুমতীর পূর্ব পাড় থেকে গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়ার দূরত্ব মাত্র তিন কিলোমিটার। এ ভাটিয়াপাড়া মোড়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা-গোপালগঞ্জ-খুলনা বিশ্বরোডে যুক্ত হয়েছে।সওজ বিভাগ সূত্রে জানা যায়, নড়াইল থেকে সড়কপথে মাগুরা-ফরিদপুর হয়ে ঢাকার বর্তমান দূরত্ব ৩০৮ কিলোমিটার। বাসে এ পথ অতিক্রম করতে সময় লাগে সাত-আট ঘণ্টা। অথচ লোহাগড়ার কালনা হয়ে দূরত্ব মাত্র ১২৭ কিলোমিটার। কালনায় মধুমতীর ওপর সেতু নির্মিত হলে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। একইভাবে এ পথে ঢাকা থেকে যশোরের দূরত্ব হবে ২৭৩-এর স্থলে ১৬০ কিলোমিটার। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল থেকে ঢাকার দূরত্ব ৩১১-এর স্থলে হবে ১৯৮ কিলোমিটার। খুলনার দূরত্ব হবে ৩৩১-এর স্থলে ২১০ কিলোমিটার। একইভাবে ঢাকার সঙ্গে শিল্প ও বাণিজ্যিক শহর নওয়াপাড়া, মংলা বন্দর, সাতক্ষীরা, মাগুরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্য জেলার দূরত্বও কমে যাবে।বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির চালকেরা জানান, কালনায় নদী পারাপারের জন্য রয়েছে নামমাত্র ফেরিসেবা। অপ্রতুল ফেরিব্যবস্থার কারণে প্রয়োজন সত্ত্বেও প্রতিদিন স্বল্পসংখ্যক যানবাহন পারাপার হতে পারে এদিক দিয়ে। প্রায়ই কুয়াশা ও নাব্যতাসংকটে পড়ে ফেরি চলাচল। ফলে প্রতিনিয়ত নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ জট দেখা দেয়। নড়াইল সওজের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী বলেন, মধুমতী নদীর ওপর সেতু নির্মিত হলে সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলই উপকৃত হবে।লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আবদুল হান্নান বলেন, এ সেতু নির্মিত হলে একদিকে যেমন রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের সমগ্র অঞ্চলের, সঙ্গে এ অঞ্চলের সহজ ও সাশ্রয়ী যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে।