প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি উপেক্ষিত!
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশও উপেক্ষিত। চাকরি পাননি জামায়াতের নেতা যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণার দিন নিহত পুলিশ কনস্টেবল হযরত আলীর স্ত্রী লায়লা বেগম।
২০১৪ সালের ২৩ আগস্ট পুলিশ সপ্তাহ উপলক্ষে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লায়লা বেগমের সাক্ষাৎ হয়। সেই সময় লায়লা বেগমকে জড়িয়ে ধরা প্রধানমন্ত্রীর ছবি এবং তাঁকে একটা সরকারি চাকরি দেওয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির কথা জাতীয় প্রচারমাধ্যম ও পত্রপত্রিকায় ফলাও করে প্রচার পায়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) তাঁকে একই রকম প্রতিশ্রুতি দেন সেই সময়। কিন্তু এখনো একটা সরকারি চাকরি জোটেনি এইচএসসি পাস লায়লা বেগমের। তাঁর চাকরির বয়স এখন শেষের দিকে।
লায়লা বেগম বলেন, ‘আমি অনেকবার স্বামীর কর্মস্থল গাইবান্ধা, স্বামীর পৈতৃক বাড়ির জেলা কুড়িগ্রাম আর আমার বাবার বাড়ির জেলা লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়সহ রংপুরের ডিআইজির কার্যালয়ে গিয়েছি একটা সরকারি চাকরি পাওয়ার আশায়।’ তিনি বলেন, ‘চাকরি পেতে কম্পিউটার প্রশিক্ষণ থাকলে সুবিধা হবে জেনে কম্পিউটার প্রশিক্ষণও নিয়েছি। তারপরও চাকরিটা হলো না আমার। আমি কীভাবে আমার সন্তানকে মানুষ করব, মানসম্মান বজায় রেখে চলব, তা ভাবলে রাতে আমার ঘুম আসে না।’
লায়লা বেগম বলেন, ‘গত বছর ঈদে কুড়িগ্রামের এসপি সঞ্জয় কুমার কুণ্ডু আর এবার ঈদে লালমনিরহাটের এসপি টি এম মোজাহিদুল ইসলাম কিছু উপহারসামগ্রী দিয়েছেন আমাকে। আমি সাহায্য নিয়ে ঈদ করতে চাই না, আমি নিজের চাকরির উপার্জনে সন্তানের জন্য ঈদের খরচ করতে চাই, হাত পেতে অন্যের দেওয়া কিছু নিতে আমার লজ্জা লাগে, তবু নিতে হয়।’
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণার দিন লায়লা বেগমের স্বামী পুলিশ কনস্টেবল গাইবান্ধার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকার সময় জামায়াত-শিবিরের হামলায় নিহত হন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দেউতিরহাটের মরহুম আবু সামার ছেলে পুলিশ কনস্টেবল হযরত আলীর সঙ্গে ২০০৫ সালের ডিসেম্বর মাসে লালমনিরহাট সদর উপজেলার খেদাবাগ গ্রামের ছফর উদ্দিনের মেয়ে লায়লা বেগমের বিয়ে হয়। এই দম্পতির সংসারে ইফতেখারুল ইসলাম নামের ছয় বছরের একটি সন্তান রয়েছে।
স্বামীর মৃত্যুর পর লায়লা বেগম তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে ওঠেন। শ্বশুর মৃত, শাশুড়ি বয়স্ক এবং অসুস্থ। এ অবস্থায় শাশুড়ির পরামর্শেই লায়লা বেগম তাঁর বাবার বাড়ি লালমনিরহাটের খেদাবাগ গ্রামে চলে আসেন। স্থানীয় একটি বিদ্যালয়ের নার্সারিতে পড়ছে তাঁর একমাত্র সন্তান।
লালমনিরহাট পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, ‘আমি লায়লা বেগমকে লালমনিরহাট ফাঁকল পুলিশ লাইনস স্কুলে আয়ার চাকরি দিতে চেয়েছিলাম, কিন্তু লায়লা বেগম এ চাকরিতে যোগদান করেনি।’
লায়লা বেগমের বাবা ছফর উদ্দিন বলেন, ‘লায়লাকে নিয়ে আমি নিরুপায় হয়ে পড়েছি। লায়লার একটা সরকারি চাকরি হলে ও তার ছেলেকে সুন্দরভাবে মানুষ করতে পারত। আর আমি মরেও শান্তি পেতাম।’