প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে অনার্স কোর্স চালু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গতকাল সোমবার সকালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে বরুড়া পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীরা বলেন, ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরুড়া সফরে এসে এই কলেজে অনার্স কোর্স চালুর প্রতিশ্রুতি দেন। এরপর কলেজের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কয়েক দফা চিঠি চালাচালি হয়। কিন্তু অনার্স কোর্স চালুর বিষয়ে তাদের আর কোনো সাড়া মেলেনি। এ অবস্থায় দাবি আদায়ে গতকাল সকালে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন।শিক্ষার্থীরা বলেন, মিছিলটি বরুড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় আসার পর তাঁরা বরুড়া-জলং আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের সরিয়ে দিলে তাঁরা মিছিল নিয়ে উপজেলা পরিষদে যান। উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ বলেন, ‘শিক্ষার্থীরা আমার দপ্তরে এসেছিল। আমি তাঁদের বলেছি, সাংসদ মহোদয়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলব।’