প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ১০ মাসেও বাস্তবায়ন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলার রেহানা মজিদ মহিলা কলেজকে এমপিওভুক্ত করার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর প্রতিশ্রুতির ১০ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কলেজটিকে এমপিওভুক্ত করা হয়নি। এ অবস্থায় কলেজের ২১ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান জানান, ১৯৯৯ সালের ৩১ মার্চ হোমনা পৌর এলাকার বাগমারা মৌজার এক দশমিক শূন্য ৫ একর জায়গা নিয়ে রেহানা মজিদ কলেজ প্রতিষ্ঠিত হয়। মুরাদগরের রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ এ কলেজের প্রতিষ্ঠাতা। উচ্চমাধ্যমিক পর্যায়ের ওই কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকেই এইচএসসিতে ভালো ফল করে আসছে। ২০১০ সালের ৭ নভেম্বর কুমিল্লার তিতাস উপজেলা কমপ্লেক্স মাঠে আওয়ামী লীগের এক জনসভায় কলেজের ছাত্রীরা অংশ নেন। ওই সভায় ছাত্রীরা ব্যানার উঁচিয়ে কলেজটিকে এমপিওভুক্ত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রী ছাত্রীদের ওই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে ওই জনসভাতেই কলেজটিকে এমপিওভুক্ত করার ঘোষণা দেন।এরই আলোকে গত ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. নজরুল ইসলাম খান ওই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষাসচিবকে নির্দেশ দেন। পরে গত ৩ জানুয়ারি শিক্ষামন্ত্রীর কাছে এবং গত ১৪ ফেব্রুয়ারি ওই এলাকার মহিলা সাংসদ আশরাফুননেছা মোশারফ শিক্ষাসচিবের কাছে একটি চিঠি লেখেন। ওই চিঠিতে তিনি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অনুরোধ করেন। কিন্তু এখন পর্যন্ত কলেজটি এমপিওভুক্ত হয়নি।