প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির এক যুগেও সম্মান কোর্স চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির এক যুগ পেরিয়ে গেলেও কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে চালু হয়নি স্নাতক সম্মান (অনার্স) কোর্স। এ অবস্থায় স্থানীয় সাংসদ প্রধানমন্ত্রীর ওই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।
৭ সেপ্টেম্বর কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী অনার্স কোর্স চালুর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষকের পদ সৃষ্টির জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চিঠি দিয়েছেন। কলেজ সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে বরুড়া শহীদ স্মৃতি কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালের ১ জুলাই কলেজটি জাতীয়করণ করা হয়। ২০০১ সালের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরুড়ায় এক জনসভায় ওই কলেজে সাতটি বিষয়ে অনার্স কোর্স চালুর ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ওই ঘোষণার পর কলেজ কর্তৃপক্ষ বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালুর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক নির্ধারিত ফি জমা দেয়। এরপর সেটি আর এগোয়নি। বর্তমানে ওই কলেজে দুই হাজার শিক্ষার্থী রয়েছে।
কলেজের অধ্যক্ষ তুলসী দাস সাহা বলেন, সাতটি বিষয়ে অনার্স কোর্স চালু করতে হলে সাতজন সহযোগী অধ্যাপক, সাতজন সহকারী অধ্যাপক ও ১৪ জন প্রভাষকের দরকার। শিক্ষকের পদ সৃষ্টি ও কোর্স চালুর জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।
সাংসদ নাছিমুল আলম চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ করার উদ্যোগ নিয়েছি। আশা করি, এবার তা বাস্তবায়িত হবে।’