প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির তালিকা নেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়-সম্পর্কিত কী কী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার হিসাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে নেই। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় কমিটি।

কমিটি সংসদে দেওয়া স্থানীয় সরকারমন্ত্রীর প্রতিশ্রুতির হিসাবের নির্ভুলতা নিয়েও প্রশ্ন তুলেছে। আজ রোববার সংসদ ভবনে সরকারি প্রতিশ্রুতি কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠক শেষে কমিটি সদস্য ও সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার সাংবাদিকদের বলেন, সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত প্রতিশ্রুতির তালিকা মন্ত্রণালয় নিতে পারেনি। তারা বলেছে, তাদের কাছে এ রকম কোনো তালিকা নেই। তাদের এ বক্তব্য হতাশাজনক। কারণ, মন্ত্রণালয়-সম্পর্কিত প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির তালিকা সংরক্ষণের দায়িত্ব তাদের।

শহীদুজ্জামান সরকার আরও বলেন, ‘মন্ত্রণালয় জানিয়েছে নবম সংসদের পাঁচ বছরে স্থানীয় সরকারমন্ত্রী মাত্র পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছেন। অথচ মন্ত্রী আমার নির্বাচনী এলাকায় অডিটরিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেটা তাদের তালিকায় নেই।’

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সম্পর্কে প্রধানমন্ত্রীর তিনটি প্রতিশ্রুতির বিবরণ দিয়েছে। প্রধানমন্ত্রী তিনটি প্রতিশ্রুতি যথাক্রমে চট্টগ্রামের সন্দ্বীপ, সিরাজগঞ্জ ও কুড়িগ্রামের জনসভায় দিয়েছিলেন।

এ বিষয়ে শহীদুজ্জামান সরকার বলেন, সংসদীয় কমিটি সংসদে দেওয়া প্রতিশ্রুতি নিয়ে কাজ করে, জনসভায় দেওয়া প্রতিশ্রুতি নিয়ে নয়।

কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শহীদুজ্জামান সরকার, আবদুল কুদ্দুস, এ কে এম শাহজাহান কামাল, আবদুল মজিদ খান ও মীর মোস্তাক আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।