প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বেশির ভাগই পূরণ হয়নি
নড়াইলবাসীকে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বেশির ভাগই বাস্তবায়িত হয়নি। এ কারণে নড়াইলের সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন।দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ১৯ ডিসেম্বর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাঠে (সুলতান মঞ্চ চত্বরে) নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। নড়াইলবাসীর পক্ষ থেকে তখন তাঁর কাছে ১৪টি দাবিসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। দাবিগুলো ছিল মাওয়া পয়েন্টে পদ্মা সেতুর মূল নকশায় জাজিরা-কালনা ভায়া নড়াইল-যশোর সড়কে রেল ও গ্যাস লাইনের সংযোগ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে সব বিষয়ে সম্মান, স্নাতকোত্তর চালুসহ এটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ, নড়াইল পুরাতন ফেরিঘাট পয়েন্টে সেতু নির্মাণ, ৫০ শয্যার একটি শিশু হাসপাতাল ও একটি চক্ষু হাসপাতাল স্থাপন, নড়াইল সদর হাসপাতাল, লোহাগড়া ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব শূন্যপদে নিয়োগ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজকে এমপিওভুক্ত করা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে উন্নীতকরণ, জেলায় নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট ও বিএড কলেজ স্থাপন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণ, কালিয়া-বারইপাড়া সেতু নির্মাণ, শিশু পার্ক ও বিসিক শিল্পনগর স্থাপন। প্রধানমন্ত্রী বক্তব্যে বলেছিলেন, মহাজোট ক্ষমতায় এলে দাবিগুলো পূরণ করা হবে। নড়াইল উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্যসচিব শরীফ মুনির হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি আসন থেকে বিজয়ী হন। ২০০৮ সালের ১৯ ডিসেম্বর সুলতান মঞ্চ চত্বরের নির্বাচনী জনসভায় তাঁর কাছে ১৪টি দাবিসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল। তখন তিনি তাঁর বক্তব্যে বলেছিলেন, নড়াইল তাঁর জেলা। এর সার্বিক উন্নয়নে তিনি বিশেষ ভূমিকা রাখবেন। কিন্তু তার বেশির ভাগ প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। সে কারণে নড়াইলের আমজনতা হতাশ ও ক্ষুব্ধ। জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেও নড়াইলে উন্নতি হয়নি, এবারও হলো না। তাহলে কি আমরা চিরদিন অবহেলিতই থেকে যাব?’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোহম্মদ আলী জানান, প্রধানমন্ত্রী ২০০৮ সালে নির্বাচনী জনসভায় যেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন, তার আংশিক বাস্তবায়িত হয়েছে। এ নিয়ে জনমনে অসন্তোষ বিরাজ করছে।