প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের দিনেও আসন ফাঁকা

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের দিনেও সংসদের আড়াই শর বেশি আসন ফাঁকা। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময়ে পেছনের সারির দুটি গ্যালারিতে ছিলেন হাতে গোনা কয়েকজন সাংসদ। সরকারি দলের সামনের সারিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মাত্র তিনজন।
গতকাল বুধবারের অধিবেশনের শেষের দিকে ৭০ জনের কিছু বেশি সাংসদ উপস্থিত ছিলেন। সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী সংসদ পরিচালনার জন্য কমপক্ষে ৬০ জনের উপস্থিতি থাকতে হয়। এর আগে মঙ্গলবারও মন্ত্রীদের অনুপস্থিতির কারণে তিনজন সাংসদ ক্ষোভ প্রকাশ করেছিলেন।
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের সময় সামনের সারিতে সরকারি দলের মন্ত্রী-সাংসদদের মধ্যে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও সাংসদ আলী আশরাফ। তবে প্রশ্নোত্তরের শেষে দিকে সাজেদা চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত ও রাজি উদ্দিন আহমেদ সামনের সারিতে এসে নিজেদের আসনে বসেন।
সংরক্ষিত নারী সাংসদেরা উপস্থিত ছিলেন। তবে তাঁদের বাঁ পাশের গ্যালারিতে ৩৬টি আসনে উপস্থিত ছিলেন মাত্র নয়জন সাংসদ। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের পর সাংসদদের আরও অনেকে অধিবেশন কক্ষ ছেড়ে চলে যান। অধিবেশনের শেষ দিকে সিংহভাগ আসন ফাঁকা হয়ে যায়। এ সময় সরকারি দলের সামনের সারিতে গণপূর্তমন্ত্রী ছাড়া অন্য কেউ ছিলেন না।
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তুলনামূলকভাবে বিরোধী দলের সদস্যদের উপস্থিতি বেশি ছিল। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর: প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) বাংলাদেশের বিজয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের অগ্রযাত্রায় বিশ্ব সম্প্রদায় আস্থা রাখে।
সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ফোরামে জিততে হলে প্রার্থী নির্বাচন গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপির সময়ে এমন একজন ব্যক্তিকে ওআইসির মহাসচিব পদে প্রার্থী করা হয়েছিল, যিনি যুদ্ধাপরাধী। যুদ্ধাপরাধীকে প্রার্থী করার কারণে কোনো দেশ বাংলাদেশের প্রার্থীকে সমর্থন করেনি। ফলে প্রথম রাউন্ডে দুই ভোট আর দ্বিতীয় রাউন্ডে শুধু নিজের ভোটটি পেয়েছিলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের ওপর দেশের মানুষের আস্থা ও বিশ্বাস আছে। তাই কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়েও মানুষের সাড়া পায়নি।
সুবিদ আলী ভুঁইয়ার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম কর্ড লাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। এটি বাস্তবায়িত হলে রেলে দুই ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাতায়াত করা যাবে। চীনের প্রতিষ্ঠান এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সরকারি কর্মকমিশনের আদলে পৃথক কমিশন গঠনের চিন্তাভাবনা চলছে। এ জন্য ২৬ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালককে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।