নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব ইতিবাচক ও আগ্রহ-উদ্দীপক বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ অভিমত দিয়েছেন সফররত ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদলের নেতা জিন ল্যামবার্ট। সাত সদস্যের ইইউ প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসে। গত বুধবার প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালককে বিশ্বব্যাংকের প্রধান পদে মনোনয়নের প্রস্তাব দেন। বিষয়টিকে কীভাবে দেখেন, জানতে চাইলে ল্যামবার্ট বলেন, ‘প্রস্তাব হিসেবে আমরা এটি ইতিবাচক ও আগ্রহ-উদ্দীপক মনে করি। পাশাপাশি এভাবে প্রস্তাব আসায় আমরা বিস্মিতও হয়েছি। তবে এ কথা ঠিক, সম্মানজনক পদে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তির নাম প্রস্তাব করা আস্থার বহিঃপ্রকাশও বটে।’ ল্যামবার্ট বলেন, শেখ হাসিনার এ প্রস্তাব ইইউ পার্লামেন্টে তোলা হবে। আর বিশ্বব্যাংকের প্রধান হিসেবে ড. ইউনূস একজন যোগ্য ব্যক্তি।যুক্তরাজ্যের গ্রিন পার্টির পার্লামেন্ট সদস্য জিন ল্যামবার্ট বলেন, বিশ্বব্যাংকে ইইউর কোনো ভোটাধিকার নেই। তবে ইইউভুক্ত বেশ কয়েকটি দেশের ভোটাধিকার রয়েছে। তিনি জানান, অক্সফামসহ ৬০টি সংস্থা ও ইইউ পার্লামেন্ট আংশিকভাবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে নিয়োগে স্বচ্ছতা আনতে সংস্কার-প্রক্রিয়াকে সমর্থন করে। বিশ্বব্যাংকে যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরোধিতা করে জিন ল্যামবার্ট বলেন, ‘সবচেয়ে বেশি অর্থের জোগান দিচ্ছে—এমন দেশের কাছে ক্ষমতা না দিয়ে বিশ্বব্যাংকের প্রধান পদে নিয়োগ-প্রক্রিয়া নতুন করে ভাবার সময় এসেছে। কারণ, ওই পদে এমন কাউকে বসানো উচিত, যার বিশ্বের দরিদ্রতম দেশগুলোতে কী ধরনের সাহায্যের প্রয়োজন, তা বোঝার অভিজ্ঞতা রয়েছে।’এ প্রস্তাব নিয়ে ইইউর পরবর্তী ভাবনা সম্পর্কে জানতে চাইলে ল্যামবার্ট বলেন, বাংলাদেশ সফররত প্রতিনিধিদলের কেউ কেউ তাঁদের দেশে বিষয়টি তুলবেন। আর অন্যরা চমকপ্রদ এ প্রস্তাব নিয়ে ইইউ পার্লামেন্টে আলোচনা করবেন। ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করার কথা বলে শেখ হাসিনা রসিকতা করেছেন বলে মনে করেন কি না—এমন প্রশ্নের জবাবে ল্যামবার্ট বলেন, ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজনকে যখন এ ধরনের সম্মানজনক পদে মনোনয়নের প্রস্তাব করা হয়, তখন সেটিকে রসিকতা অন্তত বলা যায় না।’ বিশ্বব্যাংকে সংস্কারের ওপর গুরুত্বারোপ করে ল্যামবার্ট বলেন, দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো দীর্ঘদিন ধরেই বলে আসছে, বিশ্বব্যাংক পরিচালনায় তাদের প্রতিনিধিত্ব থাকছে না। কাজেই উন্নয়নশীল দেশগুলোর কী চাহিদা, তা বোঝার ক্ষমতা ড. ইউনূসের আছে। পাশাপাশি তাঁর অর্থনীতির ভাবনাও রয়েছে। যেভাবে প্রস্তাব এল: ইইউ প্রতিনিধিদল গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করে। জিন ল্যামবার্ট এই প্রতিবেদককে বলেন, ওই সময় প্রতিনিধিদলের সদস্য হুয়ান ফার্নান্দো লোপেজ আগুইলার ড. ইউনূসের প্রসঙ্গ তোলেন। স্পেনের এই পার্লামেন্ট সদস্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে কাজে লাগানোর কথা বলেন। প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের কাছে কোন প্রেক্ষাপটে ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরে যেতে হয়েছিল, তা তুলে ধরেন। একপর্যায়ে ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়নের প্রস্তাব করেন শেখ হাসিনা।