প্রধানমন্ত্রীর প্রস্তাব 'যথেষ্ট' নয়: জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালে সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রস্তাবকে ‘যথেষ্ট’ বলে মনে করছে না ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক দল এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। দলটি মনে করে, প্রস্তাবিত জাতীয় সরকারের কতগুলো বিষয় স্পষ্ট হওয়া দরকার।
গতকাল শনিবার বেলা একটায় রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এ প্রতিক্রিয়া জানান। এর আগে এরশাদের সভাপতিত্বে জাপার সভাপতিমণ্ডলীর জরুরি বৈঠক হয়।
রুহুল আমিন হাওলাদার প্রধানমন্ত্রীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ছয়টি প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে সর্বদলীয় সরকারের প্রস্তাবনা দিয়েছেন। কিন্তু এ সরকারের প্রধান কে হবেন, নির্বাচনকালে জাতীয় সংসদ বহাল থাকবে কি না, থাকলে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কি না, সরকারে কোন দলের কতজন প্রতিনিধি থাকবে, সরকারের রূপরেখা ও কার্যপরিধি কী হবে? এসব সম্পর্কে প্রস্তাবে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
প্রধানমন্ত্রীর প্রস্তাব জাপা গ্রহণ বা প্রত্যাখ্যান করছে কি না, জানতে চাইলে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘একটি দলের পক্ষ থেকে এ সময়ে যতটুকু বলা দরকার, আমরা ততটুকু বলেছি। আমাদের অবস্থান সম্পর্কে আমরা আরেকটু সময় নিয়ে আরও পরিষ্কার করার চেষ্টা করব।’
জাতীয় সংসদের তৃতীয় বৃহত্তম দল জাপা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম গত শুক্রবার বলেছেন, বিএনপি না গেলেও ৪৮টি রাজনৈতিক দল নির্বাচনে যাবে এবং তাতে জাতীয় পার্টির নামও আছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জাপার মহাসচিব বলেন, এটি তাঁর একান্তই ব্যক্তিগত অভিমত। অবশ্য, এরশাদের মুখপাত্র কাজী ফিরোজ রশীদ এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনে যাবে, এমন কথা বলার এইচ টি ইমাম কে? কোনো আমলার কাছে জাতীয় পার্টিকে লিজ দেওয়া হয়নি।
এরশাদের ঘনিষ্ঠ একটি সূত্র ও জাপার একাধিক দায়িত্বশীল নেতা জানান, প্রধানমন্ত্রীর ভাষণের আগে সর্বদলীয় সরকারের প্রস্তাবের বিষয়ে জোটের শরিক হিসেবে কোনো আলোচনা না করায় বিরক্ত হয়েছেন এরশাদ। গতকাল সভাপতিমণ্ডলীর বৈঠকে দলের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য কাজী জাফর আহমদ প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরে সেগুলোকে অস্পষ্ট আখ্যা দিয়ে বলেন, বিরোধী দলের আন্দোলন স্তিমিত করার জন্যই পুরোনো বিষয়টি নতুন করে বলা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করার পক্ষে মত দেন।
তবে সভায় এরশাদ প্রধানমন্ত্রীর প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান না করে মাঝামাঝি অবস্থানে থাকার কৌশল নেওয়ার নির্দেশনা দেন।