প্রধানমন্ত্রীর প্রস্তাবে সংকটের সমাধান নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালে সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাবে চলমান সংকটের কোনো সমাধান নেই বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক দল। কারণ হিসেবে দলগুলো বলছে, প্রস্তাবে নির্বাচনকেন্দ্রিক বিতর্কিত ও অমীমাংসিত বিষয়গুলো সম্পর্কে নির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই।
গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন। তাতে তিনি নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব করেন। এর প্রতিক্রিয়া জানিয়ে গতকাল শনিবার বিভিন্ন রাজনৈতিক দল পৃথক বক্তব্য ও বিবৃতি দেয়।
গতকাল গণতান্ত্রিক বাম মোর্চার এক জরুরি সভায় নেতারা বলেছেন, প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সর্বদলীয় অন্তর্বর্তী সরকারের প্রস্তাব নতুন কিছু নয়। ১৯৯৫-৯৬ সালে নির্বাচন কেন্দ্রিক সংকট উত্তরণে এ ধরনের একটি প্রস্তাব আওয়ামী লীগ নিজেরাই প্রত্যাখ্যান করেছিল।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া যৌথ বিবৃতিতে বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রধান সমস্যাগুলো হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন, সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, তা। তাঁরা বলেন, প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জন্য বিএনপিকে নাম দিতে বলেছেন। কিন্তু সংসদে প্রতিনিধিত্বকারী দল জামায়াতের অবস্থান কী হবে, সে ব্যাপারে কোনো কথা বলেননি।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলেছে, প্রধানমন্ত্রীর প্রস্তাবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও সরকার প্রধানকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের কোনো সমাধান বেরিয়ে আসেনি। দলের সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার আগে জাতীয় সংসদ ভেঙে দেওয়া হবে কি না, নির্বাচন কমিশন নির্বাচনকালে প্রশাসন নিয়ন্ত্রণ করবে কি না, প্রধানমন্ত্রীর বক্তব্যে তার উল্লেখ নেই। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সদস্যসংখ্যা, তাঁদের সংখ্যানুপাত ও দায়দায়িত্বও নির্দিষ্ট করা প্রয়োজন।
দলগুলোর নেতারা রাজনৈতিক দল ও জনগণের মনোভাব বিবেচনায় নিয়ে সংকট উত্তরণে কার্যকর প্রস্তাবনা দিতে প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের প্রতি আহ্বান জানান।