প্রধানমন্ত্রীর প্রস্তাবে ১১ দলের সমর্থন
প্রধানমন্ত্রীর দেওয়া নির্বাচনকালীন সরকারের প্রস্তাব সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে সমমনা ১১টি দল।
আজ বুধবার দুপুরে তোপখানা রোডে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের বৈঠকে আলোচনার ‘বিষয়বস্তু নির্ধারণে’ এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম প্রথম আলো ডটকমকে বলেন, ‘চলমান সংকট নিরসনে আলোচনা শুরু করতে প্রধানমন্ত্রী সংবিধান সম্মতভাবে নির্বাচনকালীন সরকারের প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রস্তাব সংবিধানসম্মত হওয়ায় ১১ দলের নেতারা এ প্রস্তাবের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন গণআজাদী লীগের আবদুস সামাদ, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন, সাম্যবাদী দলের ধীরেন বিশ্বাস, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ-রেজা) রেজাউর রশীদ খান, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।