প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে ভোট চাইলেন নাছির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায় করে সব ওয়ার্ডে সমানভাবে উন্নয়নকাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রামে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে এ কাজটি তাঁর পক্ষেই সম্ভব বলে ভোটারদের আশ্বাস দেন তিনি।
গতকাল শনিবার সকালে নাছির উদ্দিন জালালাবাদ ওয়ার্ডে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট চান। পরে তিনি কাজীর দেউড়ি এলাকার একটি কমিউনিটি সেন্টারে তাঁর নির্বাচনী কাজে নিয়োজিত এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরে আগ্রাবাদ এলাকায় বন্দর শ্রমিকদের মেজবান অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকে যান রামপুরা ওয়ার্ড নাগরিক কমিটির মতবিনিময় সভায়। এ ছাড়া বন্দরের ১২৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেন তিনি।
এসব অনুষ্ঠানে মনজুর আলমের সমালোচনা করে নাছির উদ্দিন বলেন, ‘চট্টগ্রামবাসী এতই দুর্ভাগা যে সাবেক মেয়র কিছুই করেনি। শিল্পপতি হওয়ার পরও তিনি সিটি করপোরেশন থেকে সব ধরনের সুবিধা নিয়েছেন।’ তিনি বলেন, ‘মনজুর আলম দাবি করেছেন বিএনপি-সমর্থিত মেয়র হওয়ায় তিনি সরকারি সহায়তা পাননি। যদি তাঁর কথা সঠিক বলে ধরেও নিই, তাহলে আমি প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ও মনোনীত প্রার্থী হিসেবে নগরের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহায়তা আদায় করতে পারব। তাই আপনাদের কাছে অনুরোধ, একবার মেয়র হওয়ার সুযোগ দিন।’
পোশাক কারখানার শ্রমিকদের নাছির উদ্দিন প্রতিশ্রুতি দেন, তিনি মেয়র নির্বাচিত হলে শ্রমিকদের পরিবহন, আবাসন সংকট ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
নাছির উদ্দিনের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুচ গনি প্রমুখ।