প্রধানমন্ত্রীর প্রেস সচিব পরিচয়ে তদবির, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদের পরিচয়ে প্রতারণার অভিযোগে শাহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের রাজস্ব শাখায় এমএলএসএস পদে চাকরিপ্রার্থীদের ৮ থেকে ২২ মার্চ পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়। গত ২ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ০১৭৩১-৫১৯১০৭ নম্বরের মুঠোফোন থেকে এক ব্যক্তি নিজেকে প্রধান-মন্ত্রীর প্রেস সচিব পরিচয় দিয়ে জেলা প্রশাসকের মুঠোফোনে ফোন করেন এবং মো. শাহিদুল ইসলামকে ওই পদে চাকরি দেওয়ার জন্য চাপ দেন। একপর্যায়ে জেলা প্রশাসকের সন্দেহ হয়। পরে জেলা প্রশাসক মোখলেছার রহমান প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে জানতে পারেন, ওই নম্বরটি তাঁর নয় এবং চাকরির জন্য তিনি কোনো তদবির করেননি। গত রোববার জেলা প্রশাসক বিষয়টি জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান ও জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমানকে অবগত করেন। পরে জেলা পরিষদের প্রশাসক তাৎক্ষণিকভাবে চাকরিপ্রার্থী মো. শাহিদুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন।জিজ্ঞাসাবাদের সময় শাহিদুলের মুঠোফোনে সেই প্রতারকের নম্বরটি সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। শাহিদুল ইসলামের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের খেদাবাগ গ্রামে। জিজ্ঞাসাবাদে শাহিদুল বলেন, মুঠোফোনের ওই নম্বরটি তাঁর চাচাতো ভাই মাহবুবুল হকের। মাহবুবুল ঢাকায় চাকরি করেন। জেলা পরি-ষদের প্রশাসক মতিয়ার রহমান বলেন, ‘শাহিদুলের মুঠোফোন থেকে প্রতারণাকারী সেই ব্যক্তিকে ফোন করা হলে সে নিজেকে আবারও প্রধানমন্ত্রীর প্রেস সচিব পরিচয় দেয় এবং তার কথামতো কাজ না করা হলে দেখে নেওয়া হবে বলে হুমকি দেয়।’লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় রোববার রাতে লালমনিরহাট রেভিনিউ ডেপুটি কালেক্টর ও জেলা নির্বাচন কমিটির সদস্যসচিব মো. হাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। চাকরিপ্রার্থী শাহিদুল ইসলামকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।