প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বনির্ধারিত ফ্রান্স সফর বাতিল করা হয়েছে। ইউনেসকোর সাধারণ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে আজ সোমবার তাঁর ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার কথা ছিল। সফরকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের কথা ছিল।

সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর বাতিলের খবরটি নিশ্চিত করেছে।

বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুর পর্যন্ত কাটছাঁট করে অর্থাৎ ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকসহ অন্যান্য কর্মসূচি বাতিল করে শুধু ইউনেসকোর সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল। কারণ, শুক্রবারের জঙ্গি হামলার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি ও তিন দিনের শোক ঘোষণার পর ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে।

ঢাকা ও প্যারিসের কূটনৈতিক সূত্র বলেছে, শুক্রবারের হামলার পর প্যারিসের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দফা প্রতিবেদন পাঠান। ওই প্রতিবেদনের ভিত্তিতে গতকাল সকালে বাংলাদেশ উন্নয়ন ফোরামের উদ্বোধনী অধিবেশনের পর ফ্রান্সের সর্বশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর প্রধানমন্ত্রী প্যারিস সফর বাতিলের সিদ্ধান্ত নেন।

ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেন।