প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি: বিমানের ৭ কর্মকর্তা গ্রেপ্তার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটে ত্রুটির ঘটনায় বাংলাদেশ বিমানের সাত কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বিষয়টি জানিয়েছেন।
ডিএমপির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, প্রকৌশল কর্মকর্তা সামিউল হক, প্রকৌশল কর্মকর্তা মো. লুৎফর রহমান, প্রকৌশল কর্মকর্তা মিলন চন্দ্র বিশ্বাস, প্রকৌশল কর্মকর্তা মোঃ জাকির হোসেন, প্রধান প্রকৌশল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশল কর্মকর্তা পরিদর্শন ও মান নিশ্চিতকরণ (ভারপ্রাপ্ত) এস এ সিদ্দিক এবং মুখ্য প্রকৌশলী (এমসিসি ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ইঞ্জিনে ত্রুটির বিষয়ে গঠিত পৃথক তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনেই বলা হয়েছে, এটা ‘মানবসৃষ্ট’। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবহেলা বা অদক্ষতা, নাকি নাশকতার চেষ্টা ছিল, তা খতিয়ে দেখার জন্য ফৌজদারি মামলা করার সুপারিশ করে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়, বিমানের প্রকৌশল শাখাসহ প্রতিটি স্তরে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার প্রমাণ পাওয়া গেছে।
তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এ ঘটনায় ফৌজদারি মামলা করার ব্যাপারে ১৯ ডিসেম্বর সম্মতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে বিমানের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দুই দফায় প্রকৌশল বিভাগের নয়জনকে সাময়িক বহিষ্কার করা হয়।
গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। সেটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে।