প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী সত্যিকার অর্থে পদ্মা সেতু চান কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, পদ্মা সেতু বিষয়ে সরকারে ‘লন্ডভন্ড’ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী একদিকে বিশ্বব্যাংকের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, অন্যদিকে অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের অর্থায়নের কথা বলছেন, তিনি আলোচনার সুযোগ সৃষ্টির চেষ্টা করছেন। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে মওদুদ আহমদ এ কথা বলেন। মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বব্যাংক পার্সেন্টেজ খায়। প্রধানমন্ত্রীর এই বক্তব্য অর্থমন্ত্রীর প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কথায় মানুষ বিভ্রান্ত। তিনি আসলে কী চান বলা মুশকিল। মনে হয়, তিনি নিজেই চান না, পদ্মা সেতু হোক?’