প্রধানমন্ত্রীর বক্তব্য অশালীন: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে অশালীন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল সোমবার রাত ১১টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের ব্যাপারে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা একটি সভ্য দেশের প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই বলে বক্তব্য দিয়ে আলোচনার সব পথ রুদ্ধ করে দিয়েছেন। এতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সংকটাপন্ন হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যে এটাই প্রমাণিত যে, তিনি দেশকে চরম অনিশ্চয়তা, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছেন। রাজনৈতিক সংঘাতকে অবশ্যম্ভাবী করে তুলেছেন। তাঁর এই অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এবং ভয়ংকর অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’মির্জা ফখরুল বলেন, দুর্নীতি ও অনাচারের কথা প্রধানমন্ত্রীর মুখে মানায় না। কারণ, তাঁর নিজের ও দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আদালতে সত্য প্রমাণিত হবে বলেই বিশেষ কমিটি করে সাত হাজারের বেশি দুর্নীতি, সন্ত্রাস ও অনাচারের মামলা প্রত্যাহার করা হয়েছে। আদালতে সাজাপ্রাপ্ত খুনের আসামিদের ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, গত পৌনে তিন বছরে সর্বক্ষেত্রে দুর্নীতি সর্বগ্রাসী রূপ নিয়েছে। সর্বকালের সর্বোচ্চ দুর্নীতি দেশকে পঙ্গু করে ফেলেছে। এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলো পদ্মা সেতুসহ বিভিন্ন প্রকল্পের অর্থায়ন বন্ধ করে দিয়েছে।