তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বলেছে, রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে করা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব কথা বলেছেন, তা কোম্পানির বিজ্ঞাপনী প্রচারণা দিয়ে প্রভাবিত। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের
পর জাতীয় কমিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করা হয়।
জাতীয় কমিটির সভাপতি প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব আনু মুহাম্মদের পক্ষ থেকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, অনেকে আশা করেছিলেন, প্রধানমন্ত্রী রামপাল প্রকল্প নিয়ে স্বাধীন বিশেষজ্ঞের মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। রামপাল প্রকল্প বাতিল করে সুন্দরবনকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষায় পদক্ষেপ নেবেন। কিন্তু দুঃখজনক হচ্ছে, তিনি যে বক্তব্য দিয়েছেন, তা কোম্পানির বিজ্ঞাপনী প্রচারণা দ্বারা প্রভাবিত। সে কারণে তাঁর বক্তব্যে অনেক ভুল তথ্য, অতিরঞ্জন আছে।
রামপাল বিদ্যুৎকেন্দ্র-বিরোধী আন্দোলনের খরচ কে জোগান দেয়—প্রধানমন্ত্রীর এই প্রশ্ন সম্পর্কে জাতীয় কমিটির নেতারা বলেন, ‘এই আন্দোলন জনগণের গায়েগতরে গড়ে তোলা। তিনি হয়তো ভুলে গেছেন, ভাষা আন্দোলনে মানুষকে পয়সা দিয়ে আনতে হয়নি। ষাটের দশকের আন্দোলন, অভ্যুত্থান, মুক্তিযুদ্ধে মানুষ জীবন বাজি রেখে গেছে।’
বিএনপির নেত্রী খালেদা জিয়ার সংবাদ সম্মেলন সম্পর্কে জাতীয় কমিটির নেতারা বলেন, খালেদা জিয়া সুন্দরবন আন্দোলনের বিষয়ে বিভ্রান্তি তৈরি করছেন। অন্যদিকে তাঁর বক্তব্যের সুযোগ নিয়ে প্রধানমন্ত্রী সুন্দরবন রক্ষার আন্দোলনে কালি মাখানোর চেষ্টা করেছেন।