প্রধানমন্ত্রীর বক্তব্য গণতন্ত্রের জন্য অশনিসংকেত: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘গণতন্ত্রের জন্য অশনিসংকেত’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এই বক্তব্যে উদ্বেগ আরও বেড়ে গেছে। তাঁর বক্তব্যে আমরা স্বৈরাচারী ভাষা দেখতে পাচ্ছি।’

আজ সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় ১৮ দলের নেতা-কর্মীদের মামলা প্রত্যাহার, মুক্তি, নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে ২২ জুন দেশের সব উপজেলা ও থানায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল জানান, চার সিটি করপোরেশন নির্বাচনে জনগণ ১৮ দল-সমর্থিত প্রার্থীদের বিজয়ে বৈঠকে সন্তোষ প্রকাশ করেছে এবং একে সরকারের দুঃশাসন, দুর্নীতি ও রাষ্ট্রপরিচালনায় সরকারের ব্যর্থতার বিরুদ্ধে জনগণের রায় হিসেবে মনে করেছে।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে গতকাল রোববার সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী এমন কথা বললে দেশে গণতন্ত্রের লেশমাত্র থাকবে কি না, তা আমরা জানি না। তবে আমরা আশা করি, সরকার জনগণের ভাষা বুঝবেন এবং জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হবেন।’