তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘গণতন্ত্রের জন্য অশনিসংকেত’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর এ বক্তব্যে উদ্বেগ আরও বেড়ে গেছে। তাঁর বক্তব্যে আমরা স্বৈরাচারী ভাষা দেখতে পাচ্ছি।’
গতকাল সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ১৮ দলের নেতা-কর্মীদের মামলা প্রত্যাহার, মুক্তি, নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে ২২ জুন দেশের সব উপজেলা ও থানায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে গত রোববার সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী এমন কথা বললে দেশে গণতন্ত্রের লেশমাত্র থাকবে কি না, তা আমরা জানি না। তবে আমরা আশা করি, সরকার জনগণের ভাষা বুঝবেন এবং জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হবেন।’
মির্জা ফখরুল বলেন, চার সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দল-সমর্থিত প্রার্থীদের বিজয়ে গতকালের বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং একে সরকারের দুঃশাসন, দুর্নীতি ও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার বিরুদ্ধে জনগণের রায় হিসেবে মনে করা হয়েছে।
গতকালের যৌথ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য রেদোয়ান উল্লাহ শাহেদীসহ ১৮ দলের মহাসচিব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সাংসদ মওদুদ আহমদের বক্তব্যের জবাবে বলেন, অসাংবিধানিক সরকার আনলে কারও লাভ হবে না। নির্বাচনই হবে না। নির্বাচন দলীয় সরকারের অধীনেই হবে।