প্রধানমন্ত্রীর বক্তব্য দুই দলের কাছেই ইঙ্গিতবহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় ফোরামে খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলায় রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা শুরু হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার পর্যায়ে এই ইঙ্গিত অর্থবহ বলে মনে করা হচ্ছে।
আইনজ্ঞদের অনেকে বলছেন, খালেদা জিয়া এবং তাঁর দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানসহ অন্যদের ওই দুটি মামলায় সাজাও হতে পারে। বিএনপির আন্দোলন ঠেকাতে এবং খালেদা জিয়াকে কবজায় রাখতে এসব মামলা গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে।
সরকারের একাধিক মন্ত্রীর মূল্যায়ন হচ্ছে, বিচারকদের অভিশংসন-ক্ষমতা প্রসঙ্গে বিএনপি আজ হরতাল ডাকলেও মূল লক্ষ্য জামায়াতের সঙ্গে ঝিমিয়ে পড়া সম্পর্ক পুনরুদ্ধার এবং দুই দলের নেতা-কর্মীদের সুসম্পর্কের বার্তা দেওয়া। তবে এই হরতালের তাৎক্ষণিক প্রাপ্তি হচ্ছে, খালেদা জিয়ার আজ সোমবার আদালতে হাজির হওয়া থেকে বিরত থাকা। যদিও আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি চলমান থাকায় তাঁর হাজির না হওয়ার যুক্তি আগেই তৈরি হয়ে আছে।
বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের অনেকেই আশঙ্কা করছেন, দলের চেয়ারপারসনকে এই দুটি মামলায় সাজা দেওয়া হবে। তাঁর বিরুদ্ধে আরও তিনটি মামলা উচ্চ আদালতে স্থগিত রয়েছে।
গত শনিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশ অস্থিতিশীল করার চেষ্টা হলে বিএনপির নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সভা সূত্র জানায়, প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় বিএনপি জোটের হরতাল ডাকার খবর আসে। এ সময় তিনি ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন।
দলের কার্যনির্বাহী কমিটির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, জাতীয় সংসদ অধিবেশনের শেষ দিন বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ কারাগারের উন্নয়নে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেন। কারাগারে তিনি কতটা কষ্টে থেকেছেন, সে কথাও তুলে ধরেন। রওশন এরশাদের ওই অভিজ্ঞতার কথা তুলে ধরে খালেদা জিয়াকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী দলীয় সভায় বলেন, আন্দোলনের নামে সহিংসতা ও বাড়াবাড়ি করলে ওনাকেও এভাবে জেলে থাকতে হবে।
সরকারি দলের একাধিক নেতা বলেন, গত ৫ জানুয়ারির পর বিএনপি ও জামায়াতের মধ্যে একধরনের শীতল সম্পর্ক বিরাজ করছিল। রাজনৈতিক অঙ্গনে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়েছে এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে জামায়াতের সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে। কিন্তু জামায়াতের হরতাল ডাকা এবং দলটির সঙ্গে ধারাবাহিকতা রেখে বিএনপি জোট হরতাল দেওয়ার পর সরকারও বিষয়টি নিয়ে কিছুটা চিন্তিত।
দলীয় সভায় প্রধানমন্ত্রীর মন্তব্য সম্পর্কে জানতে চাইলে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, জামায়াতের ডাকা হরতালের ধারাবাহিকতায় বিএনপি জোটের হরতালে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা যেকোনো উপায়ে ঠেকানোর দায়িত্ব সরকারেরই। তিনি বলেন, এত দিন একটি মহল বলার চেষ্টা করছিল, সরকারের সঙ্গে জামায়াতের আঁতাত হয়েছে। এখন তারা কী বলবে?
মতিয়া চৌধুরী বলেন, ‘বিড়াল যদি বলে ভাজা মাছ খাব না, সেটি যেমন অবিশ্বাস্য; তেমনি বিএনপি যদি বলে জামায়াতের সঙ্গ ছাড়ব, সেটিও অবিশ্বাস্য।’
ওই সভায় উপস্থিত একজন নেতা বলেন, প্রধানমন্ত্রীকে দলের কয়েকজন নেতা জানান, বিএনপি ও জামায়াতকে খাটো করে দেখা ঠিক হবে না। এ সময় প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে দলের নেতাদের নির্দেশ দেন। এর পাশাপাশি সহিংসতার জন্য এবার খালেদা জিয়াকেও ছাড় দেওয়া হবে না বলে ইঙ্গিত দেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, প্রধানমন্ত্রী রাগ, প্রতিহিংসা বা ক্ষোভ থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেননি। তিনি কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন এবং আইনের আওতায় তাঁর কর্মকাণ্ড পরিচালিত হবে, এমনটাই প্রত্যাশিত। তার পরও খালেদা জিয়া যদি আইনের বাইরে যেতে চান, তাহলে তাঁর পা মচকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তবে বিএনপির নেতারা প্রধানমন্ত্রীর শনিবারের বক্তব্য থেকে তাঁর কঠোর মনোভাবের ইঙ্গিত পাচ্ছেন। তাঁরা ধরেই নিয়েছেন, আন্দোলন যত জোরদার করতে চাইবেন, তা ঠেকানোর চেষ্টা তার চেয়ে কয়েক গুণ হবে। তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার বিচার শুরু হওয়ায় শীর্ষস্থানীয় নেতারাও কিছুটা শঙ্কিত।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, ‘সরকার ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, আর আমরা আইনি যুদ্ধ করে ওনাকে রক্ষার চেষ্টা করছি।’ হরতাল থাকায় এবং আদালত বর্জন কর্মসূচি চলার কারণে আজ খালেদা জিয়া আদালতে হাজির হবেন না।
আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ৩ জুলাই ওই মামলা দায়ের হওয়ার পর অসংখ্যবার তারিখ পিছিয়ে ইতিমধ্যে ছয় বছর পার হয়েছে। গত ১৯ মার্চ অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে কয়েক দফা।
সরকারপক্ষের একাধিক আইনজীবী জানিয়েছেন, তারিখ পেছাতে পেছাতে আদালতও এখন বিরক্ত। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, দলের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি ও গ্রেপ্তার করার মূল লক্ষ্য বিএনপিকে নির্মূল ও নিষ্ক্রিয় করা। তিনি বলেন, দমন নীতি কখনোই গণতন্ত্রের জন্য সুখকর নয়।