হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি সম্পর্কে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ‘স্ববিরোধী’ ও ‘জাতিকে বিভ্রান্ত’ করার চেষ্টা বলে মন্তব্য করেছেন সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফী। গত রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।আল্লামা শফী কোনো রকম বিভ্রান্তির শিকার না হয়ে পূর্ণ উদ্যম ও প্রস্তুতি নিয়ে আগামীকাল রোববার ‘ঢাকা অবরোধ’ কর্মসূচিতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সাভার দুর্ঘটনায় লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, উদ্ধার তৎপরতায় নিয়োজিত সব ধরনের যান, দেশি-বিদেশি পরিদর্শকদের গাড়িসহ এ-জাতীয় যানবাহন অবরোধের আওতামুক্ত রাখার ঘোষণা দিয়েছেন।বিবৃতিতে আল্লামা শফী বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যে হেফাজতের ১৩ দফা দাবি সম্পর্কে গ্রহণযোগ্য কোনো মত ও দিকনির্দেশনা পাওয়া যায়নি। বরং বিভিন্ন বিষয়ে তাঁর বক্তব্যে স্ববিরোধী ভুল ব্যাখ্যা ও পাশ কাটিয়ে যাওয়ার মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টাই ছিল বিশেষভাবে লক্ষণীয়। সে কারণেই আমরা আল্লাহর ওপর ভরসা রেখে ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি যথারীতি বহাল রাখার প্রত্যয় ঘোষণা করছি।’বিবৃতিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে হেফাজতের ১৩ দফা ‘সংবিধানবিরোধী’ ও ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। এখন প্রধানমন্ত্রী বিভিন্ন দফার সঙ্গে একমত পোষণ করে প্রচলিত আইনে কী কী ধারা-উপধারা রয়েছে, তা উল্লেখ করছেন। ‘রাষ্ট্রধর্ম’ ও ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ উল্লেখ থাকার কথা বলেছেন। কিন্তু সংবিধানে ‘আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করবেন কি না, সে বিষয়ে কিছু বলেননি।বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ইসলামের অবমাননা ও কটূক্তির বিষয়ে প্রচলিত ‘ধর্ম অবমাননা আইন’, ‘স্পেশাল পাওয়ার অ্যাক্ট’ ও ‘তথ্যপ্রযুক্তি আইনের’ ধারায় বর্ণিত শাস্তির কথা তুলে ধরেছেন। কিন্তু সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়ন বিষয়ে কোনো কথা বলেননি। গ্রেপ্তার করা চারজন ‘ইসলামবিদ্বেষী’ ব্লগারের বিরুদ্ধেও কঠোর কোনো ধারায় মামলা করা হয়নি। আলেম, ইমাম, খতিব ও মাদ্রাসার ছাত্রদের হয়রানির বিষয়ে প্রধানমন্ত্রী অজ্ঞতা প্রকাশ করেছেন। অথচ এ পর্যন্ত আন্দোলনরত প্রায় ১০ জন আলেমকে হত্যা করা হয়েছে। বহু আলেম-খতিবকে চাকরিচ্যুত এবং মাদ্রাসা বাধ্যতামূলক বন্ধ করে দেওয়া হয়েছে।বিবৃতিতে দাবি করা হয়, ভাস্কর্য ও মূর্তির মধ্যে ব্যবধান তৈরি করে প্রধানমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন, তার সঙ্গে ইসলামের অবস্থান ও নীতির কোনো সম্পর্ক নেই। নারীনীতির সঙ্গে ইসলামের সংঘর্ষিক ধারাগুলোর বিষয়ে প্রধানমন্ত্রী পাশ কাটিয়ে গেছেন।