প্রধানমন্ত্রীর বক্তব্য ‘শিষ্টাচার বিবর্জিত’: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘শিষ্টাচার বিবর্জিত’ বলে আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য জাতিকে নতুন কিছু দিতে পারেনি। বরং হতাশায় নিমগ্ন করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল এ কথা বলেন।এর আগে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রক্ত নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ক্ষমতায় যেতে চান।প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পর সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। তিনি পাল্টা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর হাতই সাধারণ মানুষ ও বিরোধী দলের নেতা-কর্মীদের রক্তে রঞ্জিত। তিনি একক কর্তৃত্ব প্রতিষ্ঠায় হিংস্র হয়ে উঠেছেন। ফখরুল বলেন, ‘তাঁর (প্রধানমন্ত্রী) মুখে এ কথা মানায় না। কারণ আমরা ভুলে যাইনি, তিনি চট্টগ্রামে গিয়ে বলেছিলেন একটি লাশের বদলে আমাকে ১০টি লাশ এনে দিতে হবে। আমরা ভুলে যাইনি, বিরোধী দলে যখন ছিলেন তখন তারা (আওয়ামী লীগ) গান পাউডার দিয়ে ১১ জনকে হত্যা করেছিল। রক্ষী বাহিনীর হাতে ’৭২ থেকে ’৭৫ পর্যন্ত দেশে ৪০ হাজার তরুণের প্রাণ গিয়েছিল।’প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য সব সময়ই শিষ্টাচার বিবর্জিত থাকে। প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা আজ যে ভাষায় কথা শুনেছি, এ ভাষা জাতি আশা করে না।’খালেদা জিয়া মুচলেকা দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর অভিযোগের জবাবে ফখরুল বলেন, খালেদা জিয়া কোনো মুচলেকা দেননি। বরং বর্তমান সরকার গত চার বছরে অনেক গোপন চুক্তি করেছে। যা মানুষ জানে না। তিনি বলেন, ‘আমরা জানতে চাই ট্রানজিট, বন্দর ব্যবহারের অনুমতি কীভাবে দেওয়া হয়েছে? কেন সরকার সীমান্তে হত্যার প্রতিবাদ করে না? বিডিআর হত্যার পেছনে রহস্য কী ছিল? মানুষ এই সব প্রশ্নের উত্তর চায়।’ সংবাদ সম্মেলনে অন্যন্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।