প্রধানমন্ত্রীর বক্তব্যে আ.লীগে উদ্যম ফিরবে না: ফখরুল
আওয়ামী লীগের নেতা-কর্মীদের উজ্জীবিত করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে তাঁর কাছে তথ্য থাকার কথা বলেছেন বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হারানো উদ্যম ফিরে পাবেন না। গতকাল সোমবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। ‘পুলিশের গুলিতে’ আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী সিরাজুল ইসলামকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।গত মঙ্গলবার যুবলীগের এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, ‘আমার কাছে তথ্য আছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।’এরপর বিএনপি সংবাদ সম্মেলন করে বলেছে, জয়ের বক্তব্য আগামী নির্বাচন নিয়ে চক্রান্তের ইঙ্গিতবাহী। গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, জয় যা বলেছেন, তা জরিপ ও তথ্যের ওপর ভিত্তি করে। এ ব্যাপারে তাঁর কাছেও জরিপ ও তথ্য আছে।প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নেতা-কর্মীদের উজ্জীবিত করতে প্রধানমন্ত্রী এমন স্বভাবসুলভ বক্তব্য দিচ্ছেন। কিন্তু এতে তাঁর দলের নেতা-কর্মীরা হারানো উদ্যম ফিরে পাবেন না। তিনি বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে বিএনপিকে বাইরে রেখে একদলীয়ভাবে নির্বাচন করতে তারা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে।