প্রধানমন্ত্রীর বক্তব্যে আস্থা নেই জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক রাজনীতি থাকবে, সংবিধানে বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্মও থাকবে—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যে আস্থা রাখতে পারছে না জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী এখন বলছেন, সংবিধানে বিসমিল্লাহ থাকবে, রাষ্ট্রধর্ম ইসলামও থাকবে। কিন্তু পরে যে তিনি এ কথা অস্বীকার করবেন না, তার কোনো নিশ্চয়তা আছে?’গতকাল বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক মতবিনিময় সভায় মকবুল আহমাদ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, সরকার বলে বাহাত্তরের সংবিধানে ফিরে যাবে। আবার বলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, বিসমিল্লাহ থাকবে। কিন্তু এগুলো তো বাহাত্তরের সংবিধানে ছিল না।মানবতাবিরোধী অপরাধের বিচারে দেশব্যাপী জনমত গঠনে আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন বক্তব্য উল্লেখ করে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘এই বিচার করতে হলে জনমত গঠন করতে হবে কেন? তার মানে সব মেকি খেলা। এ খেলা আর চলবে না।’মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া দলের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে গতকাল বিকেলে মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে জামায়াত।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘সরকার বলে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। যদি এটা ধর্মহীনতা না হয়, তাহলে এটা কায়েম করার দরকার কী?’সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদ দাবি করেন, সংবিধানের মূলনীতিতে সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস তুলে দিয়ে সেখানে ধর্মনিরপেক্ষতা প্রতিস্থাপিত করবে, এটা মেনে নেওয়া হবে না।এ ছাড়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান, মাদ্রাসা শিক্ষকনেতা ও জামায়াতের মজলিসে শুরার সদস্য মাওলানা যাইনুল আবেদিন, ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামীসহ জামায়াতপন্থী বিভিন্ন মাদ্রাসার শিক্ষকেরা বক্তব্য রাখেন।