প্রধানমন্ত্রীর বক্তব্যে মানুষের উদ্বেগ আরও বেড়েছে: বাম মোর্চা
নির্বাচনকেন্দ্রিক সংকট উত্তরণে প্রধানমন্ত্রী কোনো আশা জাগাতে পারেননি। বরং এ সম্পর্কে তাঁর দেওয়া বক্তব্য দেশবাসীর উদ্বেগ আরও বেড়েছে এবং আতঙ্কের সৃষ্টি করেছে বলে মনে করেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা।
গতকাল সোমবার সংগঠনটির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে রোববার প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য পর্যালোচনা করে নেতারা এসব কথা বলেন।
সভায় নেতারা বলেন, সংবিধানের দোহাই দিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দলীয় সরকারের অধীনে জবরদস্তি করে নির্বাচন করতে গেলে সংকট আরো ঘনীভূত হবে এবং রাষ্ট্র ক্ষমতায় অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের আশঙ্কা বৃদ্ধি পাবে। দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জাতীয় নির্বাচন না হলে সংঘাত-সংঘর্ষের মধ্য দিয়ে দেশ ও জনগণ এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে।
বার্ম মোর্চারা নেতারা নির্বাচন কমিশনের আমূল পরিবর্তনেরও দাবি জানান।
বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শ্রমিক কৃষক সমাজবাদী দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের নেতা শুভ্রাংশু চক্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ।