প্রধানমন্ত্রীর বক্তব্যে শিক্ষকেরা মর্মাহত
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে মর্মাহত শিক্ষকেরা। তাঁরা মনে করেন, স্বার্থান্বেষী মহল শিক্ষকদের সম্পর্কে ভুল তথ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করায় তিনি শিক্ষকদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন।
বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সংগঠনগুলোর জোট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিক্রিয়া জানায়। এর আগে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব মিলনায়তনে ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সভায়ও এ কথা বলা হয়।
সভার শুরুতে ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ ও ‘আইসিসি সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।
ফেডারেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির মাধ্যমে শিক্ষকদের মর্যাদা ও বুদ্ধিভিত্তিক চর্চার যে স্বাধীনতা দিয়ে গেছেন, শিক্ষকদের মর্যাদা ‘লুণ্ঠনের’ এই অপচেষ্টার কালে তাঁরা তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তাঁদের ন্যায্য দাবি ও আন্দোলন প্রশ্নে যৌক্তিক ও সদয় সিদ্ধান্ত নেবেন বলে তাঁরা প্রত্যাশা করেন।
উল্লেখ, গত রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।