প্রধানমন্ত্রীর বক্তব্যে শিক্ষকেরা হতাশ
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে প্রথম মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়ে দিয়েছেন, এখানে তাঁর হস্তক্ষেপ করার কিছু নেই। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে শিক্ষকেরা হতাশ হয়েছেন। নিজেদের আলোচনায়ও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
গতকাল রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। ৯১ শতাংশ বেতন বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মনে হয়, একটু বেশি দিয়ে ফেলেছি। কমিয়ে দেওয়া ভালো ছিল।’ তিনি বলেন, ‘...ওনারা আন্দোলন করছেন। তার মানে যে বেতন বাড়িয়েছি, নিশ্চয়ই তাঁরা বর্ধিত বেতন গ্রহণ করবেন না, যতক্ষণ পর্যন্ত সমাধান না হয়।’
প্রধানমন্ত্রী বলেন, সচিবসহ সবার চাকরির অবসরের বয়স ৫৯ বছর, আর শিক্ষকদের ৬৫ বছর বয়স পর্যন্ত। এগুলো তো হিসাবে নিতে হবে।
শিক্ষকদের উদ্দেশ করে শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, ‘ওনারা সচিবদের সঙ্গে তুলনা করছেন। আচ্ছা, সচিবেরা কী কী সুবিধা পাচ্ছেন আর ওনারা কী কী ভোগ করছেন, তার একটা তুলনামূলক চিত্র লেখেন না। কোনো সচিব কিন্তু অন্য কোথাও চাকরি করতে পারেন না। কিন্তু আমাদের শিক্ষকেরা পারেন। কোন ইউনিভার্সিটির কত শিক্ষক প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরি করেন, সে হিসাব কিন্তু আমার কাছে আছে। কোনো কথা নেই, বার্তা নেই, ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ করে দেবে, কেন বন্ধ করে দেবে? শিক্ষকেরা আন্দোলন করতে যাবে কিসের জন্য? আর যদি করতে হয়, ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ করার কোনো রাইট তো তাঁদের নেই। ...অর্থমন্ত্রী আছেন, শিক্ষামন্ত্রী আছেন, তাঁরা দেখবেন।’
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আন্দোলনে নেতৃত্বদানকারী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল হতাশার সুরে বলেন, তাঁরা এখনো বিশ্বাস করেন, এটি প্রধানমন্ত্রীর চূড়ান্ত কথা নয়। তাঁরা মনে করেন, প্রধানমন্ত্রী তাঁদের অভিভাবক হিসেবে দাবি পূরণ করবেন। তিনি বলেন, তাঁরা সচিব হতে চান না। তাঁরা আলাদা বেতনকাঠামো নিয়েই থাকতে চান। এটি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে বিদ্যমান কাঠামোতেই সমস্যার সমাধান চান। আগামীকাল মঙ্গলবার তাঁদের পরবর্তী কর্মপন্থা ঘোষণা করবেন বলে তিনি জানান।