প্রধানমন্ত্রীর বক্তব্যের কারণে সানাউল্লাহর খুনিরা গ্রেপ্তার হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর বক্তব্যের কারণে নাটোরের বিএনপি নেতা ও বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরের খুনিরা গ্রেপ্তার হচ্ছে না। বিচারাধীন বিষয়ে সরকারপ্রধানের এমন বক্তব্য প্রকারান্তে খুনিদের রক্ষা করার চেষ্টা বলে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মন্তব্য করেন।সানাউল্লাহ নূর হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাটোর জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে খোন্দকার দেলোয়ার এ মন্তব্য করেন।বিএনপির মহাসচিব বলেন, ‘বাবুকে (সানাউল্লাহ) কারা হত্যা করেছে দেশবাসী তা জানে। হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। প্রধানমন্ত্রী হত্যাকারীদের রেহাই দিতে ওই হত্যার ঘটনাকে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বলে মন্তব্য করেছেন। এতে বাবুর স্ত্রী-সন্তানেরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।’নাটোরের গামা হত্যা মামলায় সাজাপ্রাপ্তদের ছেড়ে দেওয়ার প্রতি ইঙ্গিত করে খোন্দকার দেলোয়ার বলেন, হত্যাকারীদের ছেড়ে দিয়ে বীরোচিত সংবর্ধনা দেওয়া, তাদের বিচার না করার কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে পুরস্কৃত করার কারণেই একের পর এক হত্যাকাণ্ড বাড়ছে।বিএনপির মহাসচিব বলেন, ‘বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর অনেক হামলা-মামলা করেছেন। এবার ক্ষ্যামা দিন। অগণতান্ত্রিক আচরণ থেকে সরে আসুন। নইলে জনগণ আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, খায়রুল কবির, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।