প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইউনূস সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলো সঠিক নয় বলে দাবি করেছে ইউনূস সেন্টার। গতকাল রোববার ইউনূস সেন্টারের এক বিবৃতিতে বলা হয়, তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের জবাব আগে দেওয়া হয়েছে, আবারও দিতে হচ্ছে, যা দুঃখজনক।

ইউনূসের অনেক টাকা হলেও তিনি কর দেন না, কর কর্তৃপক্ষের নামে মামলা করেন—প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে ইউনূস সেন্টার বলেছে, ইউনূস বরাবরই তাঁর কর পুরোপুরি ও সময়মতো পরিশোধ করে আসছেন। তাঁর করসংক্রান্ত ফাইলগুলো বারবার তদন্ত করে প্রতিবারই সেগুলো নিষ্কণ্টক পাওয়া যায়।

ইউনূস সেন্টার জানায়, তাঁর আয়ের উৎস তিনটি—বিভিন্ন দেশে সম্মেলনে দেওয়া বক্তৃতার জন্য সম্মানী, ২৫টিরও বেশি ভাষায় অনূদিত বইগুলো থেকে প্রাপ্ত রয়্যালটি এবং এই দুটি খাতে অর্জিত অর্থ মেয়াদি আমানতে রেখে তা থেকে প্রাপ্ত আয়। তিনি বিদেশ থেকে অর্জিত আয় ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠান। ফলে তাঁর আয়ের উৎস সম্পর্কে সরকার কিছুই জানে না—এ কথা সঠিক নয়। মেয়াদি আমানতের ওপর কর না দেওয়ার সুযোগ নেই, কেননা তা উৎসে কেটে রাখা হয়। বিবৃতিতে বলা হয়, কিছু কর দাবি সম্পর্কে সুবিচার পাওয়ার জন্য তিনি আদালতের আশ্রয় নিয়েছেন।

গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক নয় দাবি করে বিবৃতিতে বলা হয়, গ্রামীণফোন প্রতিষ্ঠার পর কখনোই এই কোম্পানিতে অধ্যাপক ইউনূসের শেয়ার ছিল না এবং এখনো এখানে তাঁর কোনো শেয়ার নেই। ফলে শেয়ার বিক্রি করে দেওয়ার প্রশ্নই আসে না। একইভাবে, যেহেতু গ্রামীণফোনে গ্রামীণ ব্যাংকের কখনোই কোনো শেয়ার ছিল না, তাই গ্রামীণ ব্যাংক কর্তৃক গ্রামীণফোনের শেয়ার বিক্রি করার সুযোগ নেই।

বিবৃতিতে আরও বলা হয়, ড. ইউনূস একজন সম্পাদককে নিয়ে পদ্মা সেতুর টাকা আটকে দিতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন মর্মে বক্তব্য সঠিক নয়। হিলারি ক্লিনটনকে জড়িয়ে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য অস্বীকার করেছে ইউনূস সেন্টার।

অধ্যাপক ইউনূসকে ‘সুদখোর’ বলা প্রসঙ্গে ইউনূস সেন্টার জানায়, গ্রামীণ ব্যাংকের এক টাকা মুনাফাও কখনো ড. ইউনূস বা অন্য
কোনো ব্যক্তির কাছে যায়নি। তিনি বরাবরই ব্যাংকটির বেতনভুক্ত কর্মচারী ছিলেন। তাই তিনি সুদখোর নন।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে পুত্র, কন্যা, ভগ্নি ও মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নামে হয়রানি ও নিপীড়নের পেছনে ইউনূসের হাত ছিল মর্মে প্রধানমন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে ইউনূস সেন্টার।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত হয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে বক্তব্য দিয়েছেন, তারও প্রতিবাদ করেছে ইউনূস সেন্টার। গ্রামীণের কোম্পানিগুলো কর দেয় না মর্মে অর্থমন্ত্রীর বক্তব্যের জবাবে বিবৃতিতে বলা হয়, ড. ইউনূস প্রতিষ্ঠিত সব কোম্পানি নিয়মিতভাবে ট্যাক্স ও ভ্যাট পরিশোধ করে থাকে। বিজ্ঞপ্তি