প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় জাতিসংঘের সামনে বিক্ষোভ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার সময় ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপি এবং সমমনা ব্যক্তি ও সংগঠনগুলো সকাল নয়টা থেকে জাতিসংঘ সদর দপ্তরসংলগ্ন এলাকায় অবস্থান নেন।
একই সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে পাশাপাশি অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়।
বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিন্ন প্রবেশপথ দিয়ে জাতিসংঘের সম্মেলন কেন্দ্রে বক্তব্য দিতে যান। সফরসঙ্গী মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা এ সময় সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে অবস্থান গ্রহণ করেন। বেশ কিছু প্রবাসীকেও পর্যবেক্ষক হিসেবে সম্মেলন কেন্দ্রে অবস্থান নিতে দেখা যায়।
জাতিসংঘ সদরদপ্তরসংলগ্ন এলাকায় বিএনপি এবং সমমনারা ব্যাপক লোক সমাগম করতে সক্ষম হয়। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ‘স্বৈরাচার’ ও ‘গণবিরোধী’ বলে স্লোগান দিতে থাকেন।
এদিকে বিএনপির বিক্ষোভের মুখে আওয়ামী লীগের লোকজনের উপস্থিতি ছিল খুবই কম। তবে জানা গেছে, রাতভর দলীয় কোন্দলের কারণে অনেকেই সময়মতো ঘুম থেকে উঠতে পারেননি। এ খবর প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাদের ‘উপর’ থেকে ধমক দেওয়া হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের আরও কিছু নেতা-কর্মী বিক্ষোভরত এলাকায় জড়ো হন। তবে তাঁদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে দেওয়া স্লোগান বিএনপির ব্যাপক স্লোগানের মুখে চাপা পড়ে যায়।
বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন আবদুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান, গিয়াস আহমেদ, মুজিবুর রহমান, শরাফত বাবু, আবু সাঈদ, জসিম উদ্দিন, গোলাম ফারুক প্রমুখ। পাশাপাশি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সংগঠক কাজী কয়েস, শেখ আতিক, ফারুক আহমেদ, আবদুর রহিম, শাহীন আজমল, মহিউদ্দিন দেওয়ান প্রমুখ।