প্রধানমন্ত্রীর বরাবর যাত্রীকল্যাণ সমিতির স্মারকলিপি
পরিবহন ব্যবস্থার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলোর সমাধানের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।
গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের কাছে এই স্মারকলিপি জমা দেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মোজাম্মেল হক চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যাত্রীকল্যাণ সমিতির নগর কমিটির সাধারণ সম্পাদক সফিক আহম্মেদ, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব কামাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের নারী কাউন্সিলর রহিমা আকতার, বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী।
স্মারকলিপিতে বলা হয়, ‘চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগ মোটরযান আইনের বিভিন্ন ধারায় প্রতিদিন পাঁচ শতাধিক মামলা করে থাকে। এসব মামলায় মোটরযান চালক ও মালিকদের কাছ থেকে প্রতি মাসে প্রায় আড়াই-তিন কোটি টাকা জরিমানা হিসেবে নেওয়া হয়। জরিমানার সিংহভাগ অর্থ লুটপাট হচ্ছে। ট্রাফিক বিভাগের প্রসিকিউশন শাখায় স্বচ্ছতা ও জবাবদিহি না থাকায় গ্রাহকদের যথাযথ রসিদ না দিয়ে নগদ টাকা নেওয়া হচ্ছে। জরিমানার অর্থ নগদ লেনদেনের কারণে দুর্নীতি হচ্ছে।’
স্মারকলিপিতে বলা হয়, ‘ট্রাফিক বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় ঢাকা নগর পুলিশের ট্রাফিক বিভাগ বহু আগে ডিজিটাল বা অনলাইন ব্যবস্থা চালু করে পান্সিং পদ্ধতিতে জরিমানার অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে নিচ্ছে। চট্টগ্রাম নগর পুলিশ ডিজিটাল পদ্ধতি অনুসরণ করছে না বলে দুর্নীতি হচ্ছে।’
স্মারকলিপিতে আরও বলা হয়, ‘চট্টগ্রাম নগর থেকে সন্ধ্যার সময়, প্রতি বৃহস্পতিবার ও সরকারি ছুটির আগের দিন বিভিন্ন জেলা ও উপজেলাগুলোর গন্তব্যে নির্ধারিত ভাড়ার কয়েকগুণ অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। এ ছাড়া নগরে গণপরিবহনের সংকটে নাকাল অবস্থার সৃষ্টি হচ্ছে। নগর ও জেলায় বাসের সংখ্যা ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে। ছোট যানবাহন বিশেষ করে টেম্পো ও অটোরিকশা অস্বাভাবিক হারে বাড়ছে। এতে সড়ক ও মহাসড়কে যানজটও বাড়ছে।’ জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, ‘যাত্রীকল্যাণ সমিতি অনেকগুলো সমস্যা তুলে ধরে স্মারকলিপি দিয়েছে। আমি সেই স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি।’