প্রধানমন্ত্রীর বার্তা পেয়ে হঠাৎ শশব্যস্ত নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনেক বিষয়ে নিস্পৃহ নির্বাচন কমিশন গতকাল হঠাৎ করেই শশব্যস্ত হয়ে ওঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে একটি বার্তা পাওয়ার পর কমিশনের এই সক্রিয়তা। নির্বাচনে অনিয়মের অভিযোগে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হক ও শ্রীপুরের ওসি মো. আসাদুল হককে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিকেলে এ-সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শকের দপ্তরে পাঠিয়েছে কমিশন।
এই পদক্ষেপের আগে আগে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে ওই দলের সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, তাঁরা কমিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন সুষ্ঠু হতে হবে। তিনি চান না নির্বাচনে অনিয়ম, সহিংসতা হোক। বিষয়টা কমিশনকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তাঁদের কঠোর হতে বলেছেন। নির্বাচনী বিশৃঙ্খলা ও সহিংসতার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধিদলে আরও ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংসদ ফারুক খান ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান।
কমিশনার মো. শাহনেওয়াজ প্রধানমন্ত্রীর বার্তাকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘আগের দুই ধাপে যা হবার হয়েছে। সামনের ধাপগুলোতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সহিংসতাও হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’ শাহনেওয়াজ বলেন, কমিশন আওয়ামী লীগকে বলেছে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সাহায্য করতে দলটি যেন তাদের স্থানীয় নেতাদের নির্দেশ দেয়। আগের দুই ধাপ থেকে কমিশন যথেষ্ট শিক্ষা নিয়েছে। সামনের ধাপগুলোতে ভুল কম হবে।
গাজীপুরের এসপি মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে গতকালই অভিযোগ আসে নির্বাচন কমিশনের কাছে। স্থানীয় কয়েকজন প্রার্থীর অভিযোগ, কাল তৃতীয় ধাপে গাজীপুরের ২০টি ইউনিয়নে ভোট গ্রহণকে সামনে রেখে ১৯ এপ্রিল এসপি হারুন বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থীদের নিয়ে বৈঠক করেন। সেখানে কোন ইউনিয়নে কে বিজয়ী হবেন সেটা তিনি আগাম বলে দেন। এ নিয়ে অন্য প্রার্থীদের কোনো ধরনের প্রতিবাদ না করতে শাসিয়ে দেন তিনি।
এ ছাড়া জেলার দুই ওসির বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনী সহিংসতা দমনে তাঁরা শিথিলতা দেখিয়েছেন। তিনটি চিঠিতে সই করেছেন কমিশন সচিবালয়ের উপসচিব সামসুল আলম।