প্রধানমন্ত্রীর বিকৃত ছবি প্রকাশের অভিযোগে মামলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে প্রকাশের অভিযোগে মেহেরপুরের গাংনীতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে। মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি ওয়াসিম সাজ্জাদ ওরফে লিখন বাদী হয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে এই মামলা করেন।
বাদীর অভিযোগ, ১৭ আগস্ট বেলা ২টা ৪৫ মিনিটে ইসলাম জহিরুল নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়। এতে দলের এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বাদী বলেছেন, ছবিটি চোখে পড়লে তিনি ক্ষুব্ধ হয়ে মামলা করেন। মামলায় ইসলাম জহিরুলকে আসামি করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, মামলাটি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের হয়েছে। তদন্তকারী কর্মকর্তা হিসেবে থানার উপপরিদর্শক মেহেদী হাসানকে নিযুক্ত করা হয়েছে। তিনি জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ইসলাম জহিরুল নামধারী ফেসবুক আইডিটি সিঙ্গাপুর থেকে নিয়ন্ত্রিত। সেখানে উল্লিখিত ফোন নম্বরটিও সিঙ্গাপুরের। এ ছাড়া আইডিতে কোনো ঠিকানা উল্লেখ নেই। তারপরও মামলাটি তদন্ত করে আসামিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।