প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: দুটি তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান তুর্কমেনিস্তানের আশখাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণের ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কারিগরি কর্মকর্তা ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি, বিমানের প্রতিনিধি রয়েছেন।

অপর কমিটি করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকারের নেতৃত্বে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তদন্ত কমিটিতে সদস্য হিসেবে আছেন ক্যাপ্টেন শোয়েব চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. হানিফ ও ইঞ্জিনিয়ার নিরঞ্জন রায়।

রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, ‘যেটা হয়েছিল, ইঞ্জিনের ফুয়েল প্রেশার কমে যাচ্ছিল। এ ক্ষেত্রে নিয়ম হচ্ছে, নিয়ারেস্ট এয়ারপোর্টে ল্যান্ড করতে হয়। সেই হিসেবে তুর্কমেনিস্তানের আশখাবাদ ল্যান্ড করেছিল প্লেন। সেখানেই আমাদের ইঞ্জিনিয়াররা প্লেনটি সারিয়ে চার ঘণ্টা পর আবার ফ্লাই করেছে। প্রধানমন্ত্রী সেই ফ্লাইটেই রাত ১১টা ৫ মিনিটে বুদাপেস্টে পৌঁছান। গতকাল পর্যন্ত আমাদের কনসার্ন ছিল মূলত প্রধানমন্ত্রী সেফলি পৌঁছেছেন কি না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০১১) ‘রাঙ্গা প্রভাত’ গতকাল সকাল ৯টা ১৪ মিনিটে ঢাকা থেকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে রওনা হয়। যাত্রাপথে ওই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করে বাংলাদেশ সময় বেলা সোয়া দুইটায় তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে অবতরণ করে। এরপর সেটা বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে আশখাবাদ থেকে বুদাপেস্টের পথে যাত্রা করে।