প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: সাতজন রিমান্ডে, দুজন কারাগারে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটে ত্রুটির ঘটনায় করা মামলায় বাংলাদেশ বিমানের সাতজন কর্মকর্তার সাত দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। একই মামলায় অপর দুজন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান। ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী আজ বৃহস্পতিবার পৃথক এ আদেশ দেন।
সাত কর্মকর্তার রিমান্ড
গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত বাংলাদেশ বিমানের সাত কর্মকর্তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট। আজ সকালে ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বিষয়টি জানান। এই সাতজন হলেন প্রকৌশল কর্মকর্তা সামিউল হক, প্রকৌশল কর্মকর্তা মো. লুৎফর রহমান, প্রকৌশল কর্মকর্তা মিলন চন্দ্র বিশ্বাস, প্রকৌশল কর্মকর্তা মো. জাকির হোসেন, প্রধান প্রকৌশল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশল কর্মকর্তা পরিদর্শন ও মান নিশ্চিতকরণ (ভারপ্রাপ্ত) এস এ সিদ্দিক এবং মুখ্য প্রকৌশলী (এমসিসি ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন।
আজ বিকেলে এই সাত কর্মকর্তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজমের পুলিশ পরিদর্শক মাহবুবুল আলম ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে দেওয়া রিমান্ড প্রতিবেদনে বলা হয়, আসামিরা বাংলাদেশ বিমানের প্রকৌশল বিভাগের বিভিন্ন পদস্থ পদে কর্মরত ছিলেন। তদন্ত কমিটির প্রতিবেদনে বিমানের প্রকৌশল শাখাসহ প্রতিটি স্তরে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার প্রমাণ পাওয়া গেছে। আসামিরা পরস্পর যোগসাজশে ষড়যন্ত্র ও অন্তর্ঘাতমূলক অপরাধ এবং প্রধানমন্ত্রীর ক্ষতি করতে চেয়েছেন বলে প্রাথমিক তদন্তে প্রকাশিত হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
দুজন কারাগারে
প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে ত্রুটির ঘটনায় করা মামলায় বাংলাদেশ বিমানের দুই কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগের কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।
আজ ওই দুই আসামি ঢাকার মুখ্য মহানগর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়, যার কারণে সেটি তুর্কমিনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলোর প্রতিবেদনে বলা হয়, এটা ‘মানবসৃষ্ট’। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দুই দফায় প্রকৌশল বিভাগের নয়জনকে সাময়িক বহিষ্কার করা হয়। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এ ঘটনায় ফৌজদারি মামলা করার ব্যাপারে সম্মতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কয়েক দিন আগে এ ঘটনায় ঢাকা বিমানবন্দর থানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগের তিন কর্মকর্তাসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়। এতে আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, অবহেলা ও ‘অন্তর্ঘাতমূলক কার্যক্রম’-এর অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে কাউন্টার টেররিজম ইউনিট।
আরও পড়ুন: